২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বানসহ আরব লিগের তৈরি সিরিয়ার নিন্দা প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2012, 08:53 AM

Updated : 24 Aug 2022, 10:48 AM

জাতিসংঘ, ফেব্র“য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বানসহ আরব লিগের তৈরি সিরিয়ার নিন্দা প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে বৃহস্পতিবার পাস হয়েছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৭টি রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে সমর্থন জানায়। প্রস্তাবে ‘প্রাতিষ্ঠানিকভাবে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের’ জন্য সিরিয়ার নিন্দা জানানো হয়। পাশাপাশি সিরিয়ার শহরগুলো থেকে সরকারি বাহিনীগুলো প্রত্যাহারের আহ্বানও জানানো হয়। পাস হওয়া প্রস্তাবটি আসাদবিরোধী বিক্ষোভকারীদের ওপর ১১ মাস ধরে চলমান দমনপীড়ন বন্ধ করার উদ্দেশ্যে প্রস্তুত করা হয়। প্রস্তাবে জাতিসংঘের পক্ষ থেকে মহাসচিব বান কি মুনকে সিরিয়ায় একজন বিশেষ দূত নিয়োগ দেওয়ার আহ্বান জানানো হয়। সাধারণ পরিষদের ভোটাভুটিতে প্রস্তাবটির বিপক্ষে ১২টি ভোট পড়ে। ১৭টি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে। তিনটি রাষ্ট্র অভিযোগ করে, তাদের দেওয়া ভোট সাধারণ পরিষদের ইলেকট্রনিক বোর্ডে তালিকাভুক্ত করা হয়নি। সৌদি আরবের তৈরি করা আরব লিগের প্রস্তাবটি সাধারণ পরিষদে উত্থাপন করে মিশর। রাশিয়া ও চীন যথারীতি প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। তবে নিরপত্তা পরিষদের মতো ভেটো দেয়নি। ৪ ফেব্র“য়ারির নিরাপত্তা পরিষদে একই ধরনের একটি প্রস্তাবে রাশিয়া ও চীন ভেটো দিয়েছিলো। প্রস্তাবটি পাস হওয়ার পর এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস বলেন, “এই প্রস্তাব পাসের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদ সিরিয়ার জনগণের প্রতি আজ এক দ্ব্যর্থহীন বার্তা পাঠালো- বিশ্ব আপনাদের সঙ্গে আছে।” “এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বিশ্ব সম্প্রদায় সিরিয়ানদের দুর্ভোগ শেষ করার পরিকল্পনা নিয়ে আরব লিগকে এগিয়ে যেতে প্রয়োজনীয় সমর্থন জানালো। এই প্রথমবারের মতো বাশার আল আসাদ এতটা বিচ্ছিন্ন হয়ে পড়লো,” বলেন তিনি। পাস হওয়ার পর প্রস্তাবটির নিন্দা জানিয়ে জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত সাধারণ পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, “সিরিয়া সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সরকারবিরোধী সন্ত্রাসীদের ক্ষমতার বসানোর নীল নকশার অংশ এই প্রস্তাব।” সিরিয়ার সরকার বিরোধী আন্দোলন মোকাবেলায় সরকারি বাহিনীগুলোর দমনপীড়নে এ পর্যন্ত ৫ হাজার ৪শ’ মানুষ নিহত হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৯ ঘ.