২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উপসাগরে আত্মঘাতী বোট মোতায়েন করছে ইরান’

প্রতিপক্ষের ওপর আত্মঘাতী বোট হামলা চালানোর লক্ষ্যে পারস্য উপসাগরে বোমা বোঝাই বোট প্রস্তুত করে রাখছে ইরান। পাশাপাশি দেশটি উপসাগরে নৌশক্তিও বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে পারস্য উপসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্র নৌবাহিনী কমান্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 07:16 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

মানামা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রতিপক্ষের ওপর আত্মঘাতী বোট হামলা চালানোর লক্ষ্যে পারস্য উপসাগরে বোমা বোঝাই বোট প্রস্তুত করে রাখছে ইরান। পাশাপাশি দেশটি উপসাগরে নৌশক্তিও বাড়াচ্ছে বলে অভিযোগ করেছে পারস্য উপসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্র নৌবাহিনী কমান্ডার। রোববার বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নৌবহরের প্রধান ভাইস অ্যাডমিরাল মার্ক ফক্স। নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানি বন্ধ হয়ে গেলে অথবা পরমাণু প্রকল্পে হামলা চালানো হলে উপসাগরে জাহাজ চলাচলের পথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। উপসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের নৌবহরের ওপর হামলা চালানোরও হুমকি দিয়েছে তারা। এরকম পরিস্থিতিতে ইরানের যুদ্ধ প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগ করা হলো। “তারা তাদের সাবমেরিনের সংখ্যা ও দ্রুত আক্রমণে সক্ষম নৌযানের সংখ্যা বাড়িয়েছে। ছোট ছোট কিছু বোটের মধ্যে উচ্চ বিস্ফোরকযুক্ত ওয়ারহেড বসানো হয়েছে, সেগুলো আত্মঘাতী হামলা চালানোর জন্য ব্যবহার করা যাবে,” জানান অ্যাডমিরাল ফক্স। ইরানের সংগ্রহে ১০টি সবমেরিন ও প্রচুর মাইন আছে বলে জানান তিনি। “আমরা আগ্রহের সঙ্গে তাদের দূরপাল্লার ও স্বল্পপাল্লার রকেটের অগ্রগতি, মধ্যপাল্লার ও দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রমের অগ্রগতি এবং অবশ্যই পরমাণু প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করছি,” বলেন তিনি। উপসাগরে কোনো হামলা মোকাবেলার প্রস্তুতি তাদের আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফক্স বলেন, “আমরা খুব সতর্ক অবস্থায় আছি, আমরা প্রেসিডেন্টের (ওবামা) কাছে পেশ করার জন্য একটি ব্যাপক পরিকল্পনা তৈরি করেছি, যার মধ্যে অনেক বিকল্প প্রস্তাব আছে। আমরা প্রস্তুত, যদি আজ রাতেও কোনো হামলা হয় তার জন্যও আমরা এখনই প্রস্তুত। মধ্যপ্রাচ্যে তেল রপ্তানির প্রধান পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে ইরান। এ হুমকিকে তিনি কীভাবে দেখছেন প্রশ্ন করা হলে ফক্স বলেন, “তারা কি আমাদের জন্য খুব কঠিন কোনো ঝামেলা তৈরি করতে পারে? হ্যাঁ, তারা তা পারে। আমরা যদি কিছুই না করি আর তারা যদি কোনো বাধা ছাড়াই অগ্রসর হতে পারে, তাহলে তারা এটি বন্ধ করতে পারবে। কিন্তু তারা অগ্রসর হলে আমরা বসে থাকবো না।” তবে সমস্যা সমাধানে ফক্স কূটনৈতিক তৎপরতার ওপরই জোর দেন। “আমরা বিশ্বাস করি কূটনৈতিক তৎপরতাই এ সমস্যা সমাধানের সেরা পথ। ইরানের বিরুদ্ধে এখন যে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে আমি আশাবাদী। আমাদের কাজ প্রস্তুত হয়ে থাকা, আমরা সতর্কভাবে প্রস্তুত হয়ে আছি,” বলেন তিনি। সামরিক বিশেষজ্ঞদের মতে, উপসাগরে মোতায়েন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানি নৌবাহিনী থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু ১৯৯৬ সালে ইয়েমেনের বন্দরে আল কায়েদার ছোট একটি বোটের আত্মঘাতী হামলায় যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার ইউএসএস কোল’র ১৭ জন নৌসেনা মারা যায়। এ কারণে বিশাল রণতরীগুলোর ওপর ছোট ছোট বোটের আত্মঘাতী হামলা নিয়ে উদ্বিগ্ন হয়ে আছে যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে ইরানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। ১ জুলাই থেকে এ নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হওয়ার কথা। এছাড়া ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে লেনদেনের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানিসহ ইরানে বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৩ ঘ.