২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গিলানি অভিযুক্ত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 06:10 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। সোমবার গিলানির বিরুদ্ধে সাত বিচারকের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ স্বাক্ষরিত দুই পাতার একটি অভিযোগপত্র পড়ে শোনানো হয় আদালতে। এসময় আদালতে উপস্থিত ছিলেন গিলানি। অভিযোগপত্র পড়ে শোনানোর পরে তা পড়েছেন ও বুঝতে পেরেছেন বলে সম্মতি জানান গিলানি। তবে আদালতে তিনি নিজেকে নিরাপরাধ দাবি করে বক্তব্য রাখেন বলে এনডিটিভি জানায়। আগামী ২৭ ফেব্র“য়ারি এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিন নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খণ্ডন করার সুযোগ পাবেন গিলানি। আদালতের নির্দেশ অনুযায়ী প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে ঘুষ গ্রহণের পুরনো মামলাগুলো পুনরায় চালু করার নির্দেশ প্রত্যাখ্যান করায় তাকে আদালতে তলব করা হয়। অভিযোগ প্রমাণিত হলে ছয় মাসের কারাদণ্ড হতে পারে গিলানির। এছাড়া পদচ্যুত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এমন হলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অচলাবস্থা তৈরি হতে পারে। সাজা হলে পদত্যাগে বাধ্য হতে পারেন প্রধানমন্ত্রী গিলানি। তবে এতে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সরকারের পতন হবে না। কিন্তু পিপিপি সরকারের অবস্থান দুর্বল হয়ে পড়ার আশঙ্কা আছে, এতে পরবর্তী সাধারণ নির্বাচনে ক্ষতিগ্রস্ত হতে পারে দলটি। শনিবার আল জাজিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী গিলানি বলেন, দোষী প্রমাণিত হলে পদত্যাগ করবেন তিনি। তবে আইন বিশেষজ্ঞরা জানিয়েছেন, দোষী প্রমাণিত হলেও তাকে ক্ষমা করার এখতিয়ার রয়েছে রাষ্ট্রপতির। অভিযোগপত্র পড়ে শোনানোর সময় আদালতে স্বরাষ্ট্রমন্ত্রী রাহমান মালিকসহ অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। শুক্রবার আদালত অবমাননার অভিযোগে সমন জারির বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রী উইসুফ রাজা গিলানির আপিল খারিজ করে সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপ্রধানের দায়মুক্তি আইনের দোহাই দিয়ে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি তদন্ত পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানিয়েছিল গিলানির নেতৃত্বধীন পাকিস্তান সরকার। সেনা অভ্যুত্থান পরিকল্পনা ঠেকাতে সহায়তা চেয়ে যুক্তরাষ্ট্রের কাছে স্মারকলিপি পাঠানো নিয়ে সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সুপ্রিম কোর্ট গিলানির আপিল আবেদন খারিজ করে। আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার পর সামরিক শাসন ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে পেন্টাগনে পাঠানো স্মারকলিপিকে ভিত্তি করে স¤প্রতি পাকিস্তানের সামরিক বাহিনী ও সরকারের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩০০ ঘ.