২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হোমসে ফের রকেট হামলা, বৈঠকে আরব লিগ

সিরিয়ার হোমস শহরে রোববার বোমা হামলায় সাময়িক বিরতির পর আবার বিক্ষিপ্ত রকেট হামলা ও বন্দুকযুদ্ধ শুরু হয়েছে বিরোধী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 11:36 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

আম্মান/বৈরুত, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস শহরে রোববার বোমা হামলায় সাময়িক বিরতির পর আবার বিক্ষিপ্ত রকেট হামলা ও বন্দুকযুদ্ধ শুরু হয়েছে বিরোধী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে। ওদিকে, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরানো এবং দমনাভিযান বন্ধের উপায় খুঁজতে কায়রোয় বৈঠকে বসেছে আরব লিগ। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর এক কর্মী জানিয়েছে, রোববার সকালে বাবা আমর এলাকায় কমপক্ষে চার জন নিহত হয়েছেন। রোববার সকালের হামলায় ৪ জন নিহত হয়েছে এবং আশেপাশের এলাকাগুলোতে অন্তত ৩৪ টি রকেট হামলা হয়েছে। এর আগে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত হামলা কিছুক্ষণের জন্য শিথিল হলে লোকজন রাস্তায় বিক্ষোভ করে এবং কিছু পরিবার পালিয়ে যাওয়ার সুযোগ পায়। সুন্নি মুসলিম পরিবারগুলোকে শহর থেকে চলে যেতে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এরপরই আবার বিরোধী অবস্থানগুলোতে শুরু হয় বিক্ষিপ্ত রকেট হামলা। এ পরিস্থিতিতে রোববার পদত্যাগ করেছেন সিরিয়ায় আরব পর্যবেক্ষণ মিশনের প্রধান সুদানি জেনারেল মোহাম্মদ আল দাবি এবং সিরিয়া সঙ্কট সমাধানের পরবর্তী পদক্ষেপ নিয়ে কায়রোয় বৈঠক করছে আরব লিগ। গত বছর লিবিয়া সঙ্কট সমাধানে নিয়োজিত দূত জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল এলাহ আল খাতিবকে সিরিয়া সঙ্কটের ক্ষেত্রেও বিশেষ দূত নিয়োগ করার প্রস্তাব করেছে আরব লিগ। খাতিবই বিশেষ দূত হিসাবে নিয়োগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সিরিয়ায় ‘সহিংসতার দুষ্টচক্র’ বন্ধে আশু ব্যবস্থা নিতে হবে বলে সদস্যদেরকে তাগাদা দিয়েছেন আরব লিগের মহাসচিব জেনারেল নাবিল আল আরাবি। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১০ঘ.