ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অমিতাভ বচ্চনের অন্ত্রে অস্ত্রোপচার করা হতে পারে। এজন্য উদ্বিগ্ন হয়ে আছেন সুপারস্টার এ অভিনেতা।
ট্যুইটারে অমিতাভের একটি ব্লগসূত্রে শুক্রবার ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ এ খবর জানিয়ে বলেছে, শনিবার অস্ত্রোপচার করা হতে পারে। তবে কী ধরনের অ¯েত্রাপচার করা হবে বা কোন হাসপাতালে অমিতাভের চিকিৎসা হবে সে সম্পর্কে কিছু জানায়নি পত্রিকাটি।
১৯৮২ সালে কুলি চলচ্চিত্রে মারামারির দৃশ্যে অভিনয় করার সময় অন্ত্রে মারাত্মক আঘাত পান অমিতাভ বচ্চন। ওই সময় কয়েকমাস তাকে হাসপাতালে থাকতে হয়েছিল। এরপর ২০০৫ সালেও অন্ত্রের ব্যথায় হাসাপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
সেই দুর্ঘটনার জেরেই আবারো হাসপাতালে যেতে হচ্ছে তাকে। নিজ ব্লগে অমিতাভ জানান, অন্ত্রে (তলপেট) ব্যথার ব্যাপারে সব চিকিৎসকই অস্ত্রোপচারের কথা বলেছেন।
চিকিৎসকরা এ অস্ত্রোপচার তেমন জটিল বলে মনে করছেন না। কিন্তু অস্ত্রোপচারের দরকার পড়তে পারে তা ভেবেই উদ্বিগ্ন বলে জানিয়েছেন বর্ষীয়ান এ জনপ্রিয় অভিনেতা।
শুক্রবার অমিতাভের সিটি স্ক্যান করা হবে। এর ফলাফলের ভিত্তিতেই অস্ত্রোপচার করা হবে কিনা সে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে মুম্বাইয়ের লীলাবতী ও সেভেন হিলস হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন অমিতাভ। ধারণা করা হচ্ছে এ দুটি হাসপাতালের কোনো একটিতেই তিনি চিকিৎসা নেবেন।
তবে হাসপাতাল দু’টির কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত করে জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/এলকিউ/১৭১১ঘ.
bdnews24