২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের মুখে মালদ্বীপের প্রেসিডেন্টের পদত্যাগ

সরকারবিরোধী বিক্ষোভ ও পুলিশ সদস্যদের বিদ্রোহের মুখে পদত্যাগ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদ। দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান মানিক। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 08:46 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারবিরোধী বিক্ষোভ ও পুলিশ সদস্যদের বিদ্রোহের মুখে পদত্যাগ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদ। দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান মানিক। তিন সপ্তাহ ধরে চলা বিক্ষোভ পুলিশ বিদ্রোহে রূপ নিলে মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে নাশিদ মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন। জনগণের উদ্দেশ্যে নাশিদ বলেন, মালদ্বীপের এ পরিস্থিতিতে সরে দাঁড়ানোই দেশের জন্য মঙ্গলজনক হবে বলেই মনে করছেন তিনি। ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ ওয়াহিদ হাসান মানিকের কাছে ক্ষমতা হস্তান্তর করার কথাও উল্লেখ করেন তিনি। টেলিভিশন ভাষণে নাশিদ বলেন, “আমি পদত্যাগ করছি, কারণ, ক্ষমতা প্রয়োগ করে শাসন করার ইচ্ছা নেই আমার। এ অবস্থায় সরকার ক্ষমতা ধরে রাখতে চাইলে ক্ষমতা প্রয়োগ করতে হবে, যা বহু নাগরিকের ক্ষতির কারণ হতে পারে।” ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান ইতোমধ্যেই প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে একটি ঐক্য সরকার দেশ পরিচালনায় থাকবে বলে মনে করা হচ্ছে। বিবিসি’র খবরে বলা হয়েছে, নাশিদকে তার ইচ্ছার বিরুদ্ধে রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে আটকে রেখেছে নিরাপত্তা বাহিনী। তাদের ভাষ্য, নাশিদের নিরাপত্তার কথা ভেবেই তাকে প্রাসাদে রাখা হয়েছে। নাশিদের ভাই বিবিসি’কে একথা জানান। নাশিদ সেনাবাহিনীর সমর্থন হারানোর পরই পদত্যাগের ঘোষণা দেন বলে মনে করা হচ্ছে। সামরিক বাহিনীর মুখপাত্র কর্ণেল আব্দুল রহিম আব্দুল লতিফের ভাষ্যমতে, সেনাবাহিনীই নাশিদকে পদত্যাগের পরামর্শ দিয়েছিল। লতিফ বলেন, নাশিদ নিজেই পদত্যাগ করবেন কিনা সে পরামর্শ নিতে সামরিক বাহিনীর সদরদপ্তরে গিয়েছিলেন। তারপরই তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়। তাকে প্রাসাদে আটকে রাখার কথাও লতিফ অস্বীকার করেছেন। তবে প্রেসিডেন্টের একজন কর্মকর্তা মালদ্বীপের এ অস্থিরতাকে সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের ‘অভ্যুত্থান প্রচেষ্টা’ বলে অভিযোগ করেছেন। তবে লতিফ এ অভিযোগ অস্বীকার করেছেন। ২০০৮ সালে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে দীর্ঘদিনের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে হারিয়ে নির্বাচিত হন নাশিদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বলিষ্ঠ বক্তব্য দিয়ে তিনি দ্রুত পরিচিতি পান। নাশিদের পূর্বসুরি গাইয়ুম টানা ৩০ বছর ক্ষমতায় ছিলেন। সেসময় গণতান্ত্রিক সরকারের দাবিতে আন্দোলনের জন্য ২৭ বার গ্রেপ্তার হন নাশিদ। এর মধ্যে একবার ছয় বছর কারাবন্দী ছিলেন তিনি। সরকারের নির্দেশে গত মাসে এক জ্যেষ্ঠ বিচারক গ্রেপ্তার হওয়ার পর নাশিদের বিরুদ্ধেও তার পূর্বসূরী মামুন আব্দুল গাইয়ুমের মতো স্বৈরাচারী আচরণের অভিযোগ ওঠে। এর পরপরই মামুন আব্দুল গাইয়ুমের সমর্থকরা রাজপথে বিক্ষোভ শুরু করে। সোমবার পুলিশ বাহিনীর একটি অংশ বিদ্রোহ করলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। তারা রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান প্রচার করে বলেও প্রত্যক্ষদর্শীরা জানান। মঙ্গলবার সকালে বিক্ষোভকারী পুলিশ ও জনতা মালের রিপাবলিক স্কয়ারে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের সদর দপ্তর অবরোধ করলে তাদের ওপর কাঁদানে গ্যাস ছুড়ে সেনা সদস্যরা। এ সময় মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে অবস্থান করছিলেন নাশিদ। সেনাবাহিনীর ওপর তার নিয়ন্ত্রণও ছিল। গাইয়ুমের দল প্রগ্রেসিভ পার্টির মুখপাত্র অভিযোগ করেন, বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট চালানো হলে বহু মানুষ আহত হয়। তবে এ ব্যাপারে আর কোনো তথ্য দেননি তিনি। তবে সরকারের একজন মুখপাত্র রাবার বুলেট ছোড়ার কথা অস্বীকার করেছেন। পর্যটনভিত্তিক অর্থনীতির দেশ মালদ্বীপে প্রতিবছর প্রায় ৯ লাখ পর্যটক সমাগম হয়। সম্পূর্ণ ইসলামিক রাষ্ট্র মালদ্বীপের পর্যটন কেন্দ্রগুলোতে বিনোদনের সব ধরনের ব্যবস্থা থাকলেও মূল ভূখণ্ডে রক্ষণশীল জীবনযাপন করে দেশটির নাগরিকরা। তবে তিন সপ্তাহ ধরে বিক্ষোভ চললেও পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা এর কোনো আঁচই পাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/কিউএইচ/এলকিউ/১৭৪২ ঘ.