কায়রো, ফেব্র“য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে আন্দোলনকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ স্তিমিত হয়ে এসেছে। কিন্তু এরপরও লড়াই অব্যাহত রাখতে চায় আন্দোলনকারীরা। শনিবারও মিশরের আন্দোলনকারীদের মূল কেন্দ্র স্বাধীনতা চত্বরে (তাহরির স্কয়ার) অনেক আন্দোলনকারী অবস্থান করছে।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের তিনদিনের এ সংঘর্ষে এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছে। ক্ষমতাসীন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান আন্দোলনের গতি বাড়ানোর কৌশল নিয়ে বিতর্ক চলছে আন্দোলনকারীদের মধ্যে।
বুধবার পোর্ট সৈয়দে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ৭৪ জনের মৃত্যুর সূত্র ধরে গত কয়েকদিন অগ্নিগর্ভ হয়ে ওঠে মিশরের পরিস্থিতি। ফুটবল খেলার সংঘর্ষে নিহতদের মৃত্যুর জন্য ক্ষমতাসীন সামরিক শাসকদের দায়ী করে মিশরের জনতা।
ওই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে তারা। ক্ষমতা থেকে সামরিক কর্মকর্তাদের সরে যাওয়ার দাবিতে আন্দোলন শুরু করে। সারাদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকারবিরোধী জনতার সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের তিনদিনের এ সংঘর্ষে এ পর্যন্ত ছয়জন নিহত হয়েছে। কায়রোয় চারজন ও সুয়েজে দুইজন।
কায়রোয় নিহত চারজনের মধ্যে একজন সামরিক বাহিনীর সদস্য ও অপর তিনজন আন্দোলনকারী বলে জানা গেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবন অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা।
ভবনটি রক্ষায় দাঙ্গা পুলিশ মোতায়েন থাকলেও সেখানে কোনো সেনা মোতায়েন করা হয়নি। আগের দিন আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয় ভবনটি রক্ষায় নিয়োজিত পুলিশের। তবে শনিবার তেমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
আহম্মেদ শাবান নামের ২৫ বছর বয়স্ক এক আন্দোলনকারী জানান, তাদের লক্ষ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় দখল করা নয়, সেনাশাসনের অবসান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবরোধ করে রাখবে বলে জানান তিনি।
নিরাপত্তা বিভাগের একটি সূত্র জানিয়েছে, সরকারি ভবনগুলোর নিরাপত্তায় যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
শনিবার সেনা মোতায়েন হতে পারে বলে সূত্রটি জানায়।
তবে এ সংক্রান্ত কোনো সরকারি আদেশ এখনো পর্যন্ত জারি করা হয়নি বলে জানায় ওই সূত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৪ ঘ.
bdnews24