ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব ও মধ্য ইউরোপের দেশগুলোতে প্রবল শীতে বিপর্যস্ত এখন জনজীবন। কয়েক দশকের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড হয়েছে কয়েকটি দেশে।
এই শীতের তীব্রতায় মৃত্যু হয়েছে অন্তত ২২২ জনের। এর মধ্যে গত এক সপ্তায় ইউক্রেনেই ১০১ জন মারা গেছে, যার মধ্যে ৬৪ জন ছিলেন গৃহহীন, যাদের লাশ পাওয়া গেছে রাস্তায়।
তুষারক্ষত, হাইপোথেরমিয়া ও ঠাণ্ডাজনিত অন্যান্য রোগে আরো প্রায় এক হাজার ছয়শ’ মানুষকে হাসাপাতালে ভর্তি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ইউক্রেন। এছাড়া সারাদেশে তিন হাজার আশ্রয় ও ত্রাণ শিবির খোলা হয়েছে। গৃহহীনদের চিকিৎসা শেষেও হাসপাতাল না ছাড়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানায়, গত ছয় বছরের মধ্যে ইউক্রেইনে সবচেয়ে বেশি শীতের এ মৌসুমে বৃহস্পতিবার রাতে তাপমাত্রা ছিল মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
একই রাতে চেক প্রজাতন্ত্রে সর্বনিু তাপমাত্রা ছিল মাইনাস ৩৮ দশমিক এক ডিগ্রি সেলাসিয়াস বলে জানায় সিএনএন।
পূর্ব ইউরোপের আরেক দেশ পোল্যান্ডে গত ২৪ ঘণ্টায় শীতে আরো আট জনের মৃত্যু হয়। এ নিয়ে গত এক সপ্তাহে শীতে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। দেশটির অনেক এলাকায় বৃহস্পতিবার রাতে হিমাঙ্কের নিচে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আর বুলগেরিয়ায় গত ২৪ ঘণ্টায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহে দেশটিতে ঠাণ্ডাজনিত কারণে মৃত্যু হয় ১৬ জনের। শীতের কারণে দেশটির উত্তরপূর্ব অঞ্চলের হাজারখানেক শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে।
বুলগেরিয়ার প্রতিবেশী দেশ রুমানিয়ায় শীতে এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানায় এএফপি। সপ্তাহের শেষদিকে প্রবল তুষারপাত হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়। এখানে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলাসিয়াসের নিচে।
রুমানিয়ার পরিবহনমন্ত্রী অ্যাঙ্কা বোয়াগি সিএনএনকে বলেন, “এখন এমন একটি মুহূর্ত, যখন আমরা প্রকৃতির কাছে অসহায়। তবে প্রকৃতির শক্তির প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে। বিরূপ আবহাওয়া থেকে নিজেকে ও পরিবারকে রক্ষা করতে হবে।”
ইউরোপীয় ইউনিয়নের দরিদ্র এ দেশগুলোতে বেশিরভাগ মৃত্যুই হয়েছে রাস্তায় বা হিটার না থাকা ঘরে।
সার্বিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তানজুগ বলেছে, শীতে ছয় জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন জরুরি দপ্তরের কর্মীরা। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন, ধারণা করা হচ্ছে তিনি মারা গেছেন।
বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ভারী তুষারপাতের কারণে সাড়ে ১১ হাজারের মতো মানুষ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ১৪টি পৌর এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তুষারবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে।
শীতে প্রকোপে আক্রান্ত যুক্তরাজ্যও। বৃহস্পতিবার রাতে যুক্তরাজ্যের চেশাম ও দক্ষিণপূর্ব এলাকায় মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রা রেকর্ড করা হয়।
গত ১৫ বছরের মধ্যে দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার তুষারপাতের অভিজ্ঞতা হয়েছে রোমবাসীর। রাতে ইতালির রাজধানী রোমজুড়ে গাছপালা, ঘর-বাড়ি, গির্জা সব তুষারে ঢেকে যায়। প্রায় দুই ইঞ্চির মতো তুষারের স্তর জমে থাকায় কলসিয়ামের মতো ইতালির প্রাচীন স্থাপনাগুলো দর্শকদের জন্য বন্ধ রাখা হয়। দেশটির উত্তরাঞ্চলের তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রির নিচে নেমে যায়।
স¤প্রতি ইতালিতে শীতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মিলানের রাস্তায় শীতে মৃত একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।
ফ্রান্স, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, অস্ট্রিয়া ও গ্রিসেও শীতে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়ায় অব্যাহত রয়েছে তুষাপাত। এর প্রকোপে পড়েছে তুরস্কও। রাজধানী আঙ্কারা ও ইস্তানবুলে দ্বিতীয় দিনের মতো তুষারপাত অব্যাহত রয়েছে।
গত সপ্তাহে পূর্ব ইউরোপের দেশগুলোতে তাপমাত্রা ছিল মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তারও কম।
সিএনএন-এর আন্তর্জাতিক আবহাওয়াবিদ জেনিফার ডেলাগডো বলেন, সাইবেরীয় ঠাণ্ডা হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্ব ও মধ্য ইউরোপ। শুক্রবার রাতেও এ অবস্থা চলতে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২২০২ ঘ.
bdnews24