ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঙ্কারায় অবতরণ করানো সিরিয়াগামী যাত্রীবাহী বিমান রাশিয়ার তৈরি প্রতিরক্ষা-সরঞ্জাম ও গোলাবারুদ বহন করছিল, তুরস্কের এ দাবি মিথ্যা বলে অভিযোগ করেছে সিরিয়া।
তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান বৃহস্পতিবার বলেন, যাত্রীবাহী বিমান আইনত গোলাবারুদ এবং প্রতিরক্ষা সরঞ্জাম বহন করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, বিমানটিতে এ ধরনের সরঞ্জাম ছিল। এর গন্তব্য ছিল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কিন্তু এরদোয়ানের এ দাবি সিরিয়া নাকচ করেছে বলে জানিয়েছে বিবিসি।
বিমান থেকে কি মালামাল জব্দ করা হয়েছে তা তুরস্ককে প্রকাশ্যে দেখাতে হবে বলেও সিরিয়া দাবি করেছে।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার তুরস্কের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বলেছেন, সিরিয়ার প্রতি তুরস্ক সরকারের বৈরি আচরণের যৌক্তিকতা প্রতিপন্ন করতেই তিনি একাজ করছেন।
মস্কো থেকে সিরিয়াগামী প্রায় ৩০ জন যাত্রীবাহী এ-৩২০ বিমানটিকে অস্ত্র বহনের সন্দেহে বুধবার আঙ্কারায় আটক করে পরে ছেড়ে দেয় তুরস্ক।
বিমানটিতে অবৈধ মালামাল ছিল বলে প্রাথমিক খবরে জানিয়েছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু।
তিনি বলেন, বিমানটিকে ছেড়ে দেয়ার আগে এটি থেকে ‘আপত্তিকর’ রসদ জব্দ করা হয়েছে।
সিরিয়া এবং রাশিয়া দু’দেশই এ ঘটনা নিয়ে তুরস্কের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। অবৈধ মালামাল থাকার তুরস্কের অভিযোগও অস্বীকার করে তারা।
সিরিয়ার গোলা তুরস্কের সীমানা পেরুলে আরো শক্তি প্রয়োগ করা হবে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে তুর্কি জেনারেল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বিমান আটকের ওই ঘটনা ঘটে।
দাভুতগলু বলেন, নিপীড়ক সিরীয় শাসকগোষ্ঠীর কাছে অস্ত্র স্থানান্তর নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তুরস্কের আকাশসীমা ব্যবহার করে রসদ সরবরাহ মেনে নেয়া যায় না।
তিনি আরো বলেন, তুরস্কের আকাশসীমায় সামরিক মালামাল পরিবহনের সন্দেহ দেখা দিলে বিমানে তল্ল¬াশির অধিকার আছে তাদের।
ওদিকে, সিরিয়ার পরিবহন মন্ত্রী মাহমুদ সাঈদ তুরস্কের বিরুদ্ধে আকাশ দস্যূতা এবং বেসামরিক বিমান চলাচল চুক্তি ভঙ্গের অভিযোগ করেন লেবাননের আল মানার টেলিভিশনে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে দেড় বছর ধরে চলতে থাকা রক্তক্ষয়ী বিদ্রোহে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে। সম্প্রতি তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ দখলের জন্য আসাদ বিরোধীদের সঙ্গে তার অনুগত বাহিনীর লড়াই চলছে।
গত সপ্তাহে সিরিয়া থেকে মর্টারের গোলা তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর আক্কাকেলার লোকবসতিতে গিয়ে পড়লে পাঁচ তুর্কি নাগরিক নিহত হয়। এরপরেই তুরস্কের সীমান্তে এলাকা থেকে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যে পাল্টা গোলা হামলা শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯০০ ঘ.
bdnews24