স্টকহোম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাহিত্যে এ বছর নোবেল পুরস্কার পেলেন চীনের মো ইয়েন।
নোবেল কমিটি বৃহস্পতিবার বিজয়ী হিসেবে এই সাহিত্যিকের নাম ঘোষণা করে, যিনি চীনের কাফকা হিসেবে পরিচিত।
ইয়েন তার লেখনীতে চীনের লোককাহিনী, ইতিহাস এবং সমকালের মিশেল ঘটিয়েছেন এমনই এক ভ্রমের জালে বুনে, ইংরেজিতে যা ‘হ্যালুসিনেটোরি রিয়েলিজম’ হিসেবে পরিচিত।
এ সাহিত্যরীতিতে ইয়েনের হাত ধরে চীনাসাহিত্যের পাঠকরা এক অন্য অভিজ্ঞতার পথে যাত্রা করেছেন।
৫৭ বছর বয়সী এই লেখক সাহিত্যে নোবেল বিজয়ী ১০৯তম ব্যক্তি। পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন এই সাহিত্যিক। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয় সুইডিশ কবি টোমাস ট্রান্সট্রোয়েমারকে।
সংক্ষিপ্ত জীবনপঞ্জিঃ
‘মো ইয়েন’ ছদ্মনামে পরিচিতি লাভকরা জনপ্রিয় এ চীনা সাহিত্যিকের বামা-মায়ের দেয়া নাম গুয়ান মোয়ি। মো ইয়েন নামের অর্থ দাঁড়ায় অনেকটা ‘চুপ থাকো’ বা ‘কথা বলো না’।
হংকংয়ের ওপেন ইউনিভার্সিটিতে এক বক্তৃতায় ইয়েন জানান, তার প্রথম উপন্যাস লেখার সময় এ ছদ্মনামটি নেন তিনি। এমন নাম নেয়ার কারণ সম্পর্কে ইয়েন সেখানে বলেন, খোলামেলা আলাপচারিতা ও কথাবার্তার জন্য পরিচিতি হলেও চীনের মূল ভূখণ্ডে বিষয়টিকে ভাল চোখে দেখা হত না। ফলে তিনি নিজেকে ‘চুপচাপ থাকার’ বিষয়টি মনে করিয়ে দিতেই এই ছদ্মনাম বেছে নেন।
১৯৫৫ সালে উত্তর-পূর্ব চীনের শাংডং প্রদেশের গাওমি-তে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ইয়েন। তার শৈশব কৈশোরও কেটেছে গাওমিতেই। মাও সে-তুঙের নেতৃত্বে চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় মাত্র ১২ বছর বয়সে স্কুলের পড়ালেখার পাট চুকে যায় ইয়েনের। পরিবারের প্রয়োজনে প্রথমে ক্ষেত-খামারের কাজে এবং পরে একটি কারখানায় কাজে লেগে যান তিনি।
১৯৭৬ সালে চীনের পিপলস লিবারেশন আর্মিতে যোগ দেন ইয়েন। সেখানেই সাহিত্যপাঠ এবং লেখালেখি শুরু হয় তার।
১৯৮১ সালে তার প্রথম ছোটগল্প প্রকাশ হয় একটি সাহিত্য পত্রিকায়। কয়েক বছর পর Touming de hong luobo নামে তার প্রথম উপন্যাস প্রকাশের মধ্য দিয়ে আলোচনায় উঠে আসেন ইয়েন। ছোটো এই উপন্যাসটি চীনে প্রকাশ হয় ১৯৮৬ সালে। ১৯৯৩ সালেই ফরাসী ভাষায় প্রকাশ হয় ইয়েনের এ উপন্যাসটি।
১৯৮৭ সালে প্রকাশিত তার Hong Gaoliang Jiazu উপন্যাসের জন্যই বিপুল পরিচিতি লাভ করেন ইয়েন। ১৯৯৩ সালে এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় Red Sorghum নামে। চীনে প্রকাশিত হওয়ার বছরই ‘রেড শোরঘুম’ নামেই বিখ্যাত চীনা পরিচালক ঝাং ইমো (Zhang Yimou) একে চলচ্চিত্রে রূপদান করেন। উপন্যাসের মতোই চলচ্চিত্রটিও ব্যাপক সমাদৃত হয়। বিশ শতকের ঝঞ্ঝাবিক্ষুব্ধ কয়েক দশকের ঘটনাপ্রবাহে ডাকাতির সংস্কৃতি এবং জাপানি দখলদারিত্বসহ নানা প্রতিকূলতায় দরিদ্র চাষীদের জীবনের চিত্র ফুটে উঠেছে এ উপন্যাসে।
ইয়েনের গল্প-উপন্যাসের চরিত্রগুলোর মধ্যে তার স্বদেশের সমকালীন মানুষের মুখচ্ছবি স্পষ্ট। সমকালীন বাস্তবতার তীক্ষè সমালোচনায় মুখর ইয়েন। তবে, একইসঙ্গে তিনি সমাজজীবনের এমন এক ঘূর্ণাবর্তকে রূপায়িত করেন যে পথ ধরে অতীত, বর্তমান আর লোকায়ত জীবনের পারষ্পরিক সম্পর্কসূত্রের জটিল ধাঁধায় ঘুরপাক খেতে থাকেন পাঠক।
কল্পনা আর বাস্তবতা, ইতিহাস এবং সামাজিক পরিপ্রেক্ষিতের মিশেলে মো ইয়েন এমন এক জগৎ তৈরি করেন, যা পাঠকের কাছে অনেকটা যেন উইলিয়াম ফকনার এবং গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের দুরূহ জটিলতা নিয়ে হাজির হয়, তবে একইসঙ্গে ইয়েনের জগৎ সেই জটিলতা থেকে বেরিয়ে আসার পথ খোঁজে প্রাচীন চীনা সাহিত্য আর চীনা কথকথার ঐতিহ্য ধরে।
মো ইয়েন উপন্যাস ছাড়াও বহু ছোটগল্প লিখেছেন এবং নানা বিষয়ে বহু প্রবন্ধ রচনা করেছেন। সমাজ-সমালোচনায় মুখর হওয়া সত্ত্বেও ইয়েন তার দেশের অন্যতম প্রধান সমসাময়িক লেখক হিসেবে বিবেচিত।
ইংরেজি, ফরাসি, স্পেনিশ, জার্মান ও সুইডিশ ভাষাসহ বেশ কয়েকটি ভাষায় বিশ্বের বিভিন্ন দেশে প্রকাশিত হয়েছে ইয়েনের গ্রন্থ।
ইয়েনের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে Touming de hong luobo-1986, Hong gaoliang jiazu-1987, Baozha-1988, Tiantang suantai zhi ge-1988, Huanle shisan zhang-1989, Shisan bu-1989, Jiuguo-1992, Shicao jiazu-1993, Dao shen piao- 1995, Fengru feitun-1996, Hong shulin-1999, Shifu yuelai yue youmo-2000, Tanxiangxing-2001, Cangbao tu-2003, Sishiyi pao-2003, Shengsi pilao-2006, Wa-2009.
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এমআই/এএমটি/১৯৪০ ঘ.
bdnews24