২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে আইএমএফ বৈঠক প্রত্যাখ্যান চীনের

জাপানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের বৈঠক প্রত্যাখ্যান করেছেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে চীন-জাপান সম্পর্কে অবনতির মধ্যে এ পদক্ষেপ এল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

জাপান, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের বৈঠক প্রত্যাখ্যান করেছেন চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে চীন-জাপান সম্পর্কে অবনতির মধ্যে এ পদক্ষেপ এল। আইএমএফ বুধবার জানিয়েছে, চীনের কেন্দ্রীয় ‘পিপলস ব্যাংক অব চায়না’র গভর্নর ঝোউ সিয়াওচুয়ান এ সপ্তাহে জাপানে অনুষ্ঠেয় বার্ষিক বৈঠকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন না। এর মধ্য দিয়ে ঝোউ জাপানকে এড়াতে চাইছেন বলেই মনে করা হচ্ছে। ওই বৈঠকে অংশগ্রহণ করা ছাড়াও ভাষণ দেয়ার কথা ছিল ঝোউয়ের। চীনের রাষ্ট্রায়ত্ব আরো চারটি ব্যাংকও বৈঠকে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে বিবিসি। পূর্ব চীন সাগরে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ জাপান কিনে নেওয়ার ঘোষণা দেয়ার পরই এ নিয়ে চীনের সঙ্গে দেশটির সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। চীনে শুরু হয় জাপান বিরোধী ব্যাপক বিক্ষোভ-সহিংসতা। চীন-জাপান উত্তেজনা এখনো কাটেনি। এ পরিস্থিতির মধ্যেই আইএমএফ এর মুখপাত্র জানালেন, বৈঠকের দু’দিন আগে তারা ঝোউ এর ভাষণ বাতিল হতে পারে বলে জেনেছেন। আর এখন তারা নিশ্চিত করে জেনেছেন যে, ঝোউয়ের বদলে আইএমএফ-বিশ্ব ব্যাংকের বার্ষিক বৈঠকে প্রতিনিধিত্ব করবেন ঝোউ এর ডেপুটি ই গাং। চীনের অর্থমন্ত্রী সিয়ে সুরেনও বৈঠকে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছে চীনা গণমাধ্যম। তার বদলে বৈঠকে যোগ দেবেন উপমন্ত্রী ঝু গুয়াঙ্গাও। চীনের এ পদক্ষেপকে দুঃখজনক বলে মন্তব্য করেছে জাপান। প্রায় অর্ধশতাব্দীর মধ্যে জাপানে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে আইএমএফ-বিশ্ব ব্যাংকের বার্ষিক বৈঠক। এতে প্রায় ২০ হাজার জন অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউ টোয়েন্টিফোরডটকম/এফএস/এলকিউ/১৮০৯ঘ.