আম্মান, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার রাজধানী দামেস্কের শহরতলীতে বিমান বাহিনীর একটি গোয়েন্দা স্থাপনায় রাতভর বিদ্রোহীদের আত্মঘাতী বোমা হামলার খবর পাওয়া গেছে।
আল নুসরা ফ্রন্ট নামের একটি জিহাদি জঙ্গি গোষ্ঠী এ হামলা চালানোর দাবি করে বলেছে, আত্মঘাতী বোমা হামলাকারীরা হারাস্তায় বিমান বাহিনীর গোয়েন্দা দপ্তরের (এএফআই) বাইরে নিজেদেরকে উড়িয়ে দিয়েছে।
ওই এলাকার বাসিন্দারা জানান, বিশাল বিস্ফোরণ ঘটেছে। এরপরই মর্টার ও মেশিনগানের গুলি ও সংঘর্ষ হয়।
হামলাকারী জঙ্গিদের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে বড় বিস্ফোরণের দৃশ্য দেখানো হয়। তবে এর সত্যতা যাচাই করা যায়নি।
আল-নুসরার পক্ষ থেকে ফেইসবুকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিমান বাহিনীর গোয়েন্দা স্থাপনায় হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ এটি বাশার আল-আসাদের অনুগত সবচেয়ে দুর্র্ধষ বাহিনীগুলোর অন্যতম।
এ বাহিনী আসাদের অনুগত চৌকস সেনা কর্মকর্তা জেনারেল জামিল হাসানের নেতৃত্বাধীন বলে জানায় আল-নুসরা। তবে হামলার সময় ওই ভবনে জামিল হাসান অবস্থান করছিলেন কি না তা জানা যায়নি।
বিদ্রোহীদের দাবি, হারাস্তার ওই ভবনে কয়েকশ’ আসাদ বিরোধীকে কোন অভিযোগ ছাড়াই বন্দী রেখে নির্যাতন করা হচ্ছে।
ওদিকে, বিভিন্ন মানবাধিকার সংস্থা আসাদ বিরোধী বাহিনীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ তুলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৪৫৬ঘ.
bdnews24