পেশাওয়ার, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে সোয়াত উপত্যকায় গুলিবিদ্ধ তালেবানবিরোধী কিশোরী ১৪ বছর বয়সী মালালা ইউসুফজাইয়ের অস্ত্রোপচার সফল হয়েছে।
গুরুতর আহত মালালার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মাঝরাতেই তার অস্ত্রোপচার শুরু করেন এবং ৩ ঘন্টার অস্ত্রোপচারের মাধ্যমে তার দেহ থেকে বুলেট বের করে আনেন।
মালালা এখনো অচেতন এবং তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক প্যানেলের প্রধান মুমতাজ খান।
পেশাওয়ারের একটি সামরিক হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে মালালা।
পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারীশিক্ষা নিয়ে তালেবানের বিরুদ্ধে সোচ্চার এ কিশোরী মঙ্গলবার বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হয়।
সোয়াত উপত্যকার প্রধান শহর মিঙ্গোরার স্কুল েেক সহপাঠীর সঙ্গে বাড়ি ফেরার পে সে হামলার শিকার হয়।
মালালা মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং আরেকটি বুলেট তার ঘাড়ের জায়গায় লেগেছে বলে জানানো হয় কয়েকটি প্রতিবেদনে।
হামলার সময় মালালার সঙ্গে থাকা সহাপাঠীও আহত হয়েছে বলে খবর পাওয়া যায়।
পাকিস্তানে তালেবানের মুখপাত্র এহসানউল্লাহ এহসান এ হামলার দায় স্বীকার করেন বিবিসি’তে।
এহসান বলেন, মালালা তালেবানবিরোধী এবং ধর্মনিরপেক্ষ হওয়ার কারণেই এ হামলা চালানো হয়েছে। তাকে রেহাই দেয়া হবে না।
২০০৯ সালে একটি আন্তর্জাতিক শান্তি পুরস্কারের জন্য মনোনীত হওয়ার পর জনসাধারণের মাঝে পরিচিতি পায় মালালা ইউসুফজাই। তালেবানের অধীনে জীবনযাত্রা সম্পর্কিত একটি দিনলিপি লিখে সে এ মনোনয়ন পেয়েছিল।
সেই বছর সোয়াত থেকে সেনারা তালেবান জঙ্গিদের উৎখাতের আগ পর্যন্ত ওই এলাকা দাপিয়ে বেড়াত তারা। তালেবানরা যখন সোয়াত উপতক্যার নিয়ন্ত্রণ নিয়ে বালিকাদের স্কুল বন্ধ করার নির্দেশ দেয় তখন মালালার বয়স ছিল ১১ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/এলকিউ/১৫৩১ঘ.
bdnews24