মাইদুগুরি, নাইজেরিয়া, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নাইজেরিয়ায় সেনাবহরে বোমা হামলার জবাবে সেনাদের পাল্টা গুলিবর্ষণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। নিহত অন্তত ৩০ জনকে জঙ্গিগোষ্ঠি বোকো হারামের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
সোমবার উত্তরপূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে এ ঘটনা ঘটে।
মাইদুগুরির উমারু শেহু হাসাপাতালের সেবিকারা জানান, হাসপাতালে আনা ৩৫ টি লাশের মধ্যে ৩০ জনের শরীরে বেসামরিক পোশাক আর বাকী পাঁচজনের শরীরে সেনা পোশাক ছিল।
বোকো হারামের সদস্যরা কখনো কখনো বেসামরিক পোশাকে অভিযানে নামে বলে জানা গেছে। মাইদুগুরিতেই বোকো হারামের সদর দপ্তর। এই মুসলিম জঙ্গি গোষ্ঠিটি উত্তর নাইজেরিয়ায় একটি প্রাচীন ইসলামিক রাজ্য পুনঃপ্রতিষ্ঠার জন্য সশস্ত্র বিদ্রোহ পরিচালনা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক সেবিকা জানান, “সেনারা অনেক লাশ নিয়ে আসে। এর মধ্যে ৩০ জনের শরীরে বেসামরিক পোশাক ছিল। আমরা পাঁচজন সেনার লাশও দেখেছি।”
নিহতদের অধিকাংশই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় বর্ন প্রদেশের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র সগির মুসা জানিয়েছেন, তিনি হতাহতের সংখ্যাটি অস্বীকার বা নিশ্চিত করতে পারবেন না। তবে বোমা হামলার পর সেনারা গুলি চালিয়েছে বলে তিনি স্বীকার করেন।
বোমায় টহলরত বাহিনীর দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনা সম্পর্কে বুধবার সেনাবাহিনী একটি বিবৃতি দিবে বলেও জানান তিনি।
স¤প্রতি বোকো হারামের বিরুদ্ধে নাইজেরিয়ার সেনাবাহিনী নতুন অভিযান শুরু করেছে।
ওই অভিযানে উত্তরপশ্চিমাঞ্চলের দামাতুরু শহরে বোকো হারামের এক শীর্ষ কমান্ডারসহ ৩০ সদস্যকে হত্যা ও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সোমবার জানিয়েছে সেনাবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১১০১ ঘ.
bdnews24