২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হুগো শ্যাভেজই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট

চতুর্থবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা হুগো শ্যাভেজ। মোট ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরিক কাপরিলেসকে পরাজিত করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 04:14 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চতুর্থবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বামপন্থী নেতা হুগো শ্যাভেজ। মোট ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেনরিক কাপরিলেসকে পরাজিত করেন তিনি। রোববার ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির নির্বাচন পরিষদের বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে শ্যাভেজ জয়ী হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিজয় উৎসবে মেতে ওঠে শ্যাভেজ সমর্থকরা। নির্বাচন পরিষদের সভাপতি তিবিসে লুসিনা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, মোট ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন, যার মধ্যে শ্যাভেজ পেয়েছেন ৫৪ দশমিক ৪২ শতাংশ ভোট আর প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাপরিলেস পেয়েছেন ৪৪ দশমিক ৯৭ শতাংশ ভোট। নির্বাচনী পূর্বাভাসে শ্যাভেজ ও কাপরিলেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল। ১৯৯৯ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে টানা বিজয়ী শ্যাভেজকে হারাতে এবার ৩০টি বিরোধী দল একজোট হয়েছিল কাপরিলেসকে প্রার্থী করেছিল। এই নির্বাচনকে ঘিরে গত ১৪ বছরের মধ্যে প্রথমবারের মতো শ্যাভেজের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান তৈরি করতে পেরেছিল ভেনেজুয়েলার বিরোধী দলগুলো। আগের নির্বাচনগুলোতে বিভক্ত বিরোধী দলগুলো শ্যাভেজের বিরুদ্ধে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি। ফলাফল ঘোষণার পর কারাকাসের প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হয় শ্যাভেজের তরুণ সমর্থকরা। এদেরই একজন ম্যারি রেইনা বলেন, “আমি মন উজাড় করে উৎসব করছি - শ্যাভেজ ভেনেজুয়েলার ও ল্যাটিন আমেরিকার মানুষের আশার প্রতীক।” বিশ্বের অন্যতম শীর্ষ অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ ভেনেজুয়েলা। তেল খাত থেকে আসা রাজস্বের বেশিরভাগই শ্যাভেজ ব্যয় করেছেন দেশের বিভিন্ন সামাজিক খাত ও দরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে। এছাড়া যুক্তরাষ্ট্রবিরোধী মিত্র দেশগুলোকে অর্থ সহায়তা দেয়ার পেছনেও অনেক ব্যায় করেছেন। ফলে বিশ্বের বিভিন্ন দেশেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন। শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে, ভেনেজুয়েলার বাম, ডান ও মধ্যপন্থীসহ সব মতের মানুষকে নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছিলেন হুগো শাভেজ। এদিকে, নির্বাচনে হেরে যাওয়ার খবরে প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাপরিলেসের প্রধান নির্বাচনী শিবিরে অনেককেই কাঁদতে দেখা গেছে। চলতি বছর শ্যাভেজের শরীরে ক্যান্সার ধরা পড়ে। বন্ধু রাষ্ট্র কিউবায় চিকিৎসা শেষে তিনি আবার রাজনীতির ময়দানে ফিরে আসেন। পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে তার নিজস্ব রীতির ‘সমাজতান্ত্রিক বিপ্ল¬ব’ আরো বেগবান করতে এবারের প্রেসিডেন্ট নির্বাচনেও জেতা জরুরী বলে মনে করছিলেন ৫৮ বছর বয়সী এ নেতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১০১২ ঘ.