ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলার প্রতিবাদের দ্বিতীয় দিনে রোববার আদিবাসী এলাকা অভিমুখে অগ্রসর হয়েছে ইমরান খানের লং মার্চ।
পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টি (পিটিআই ) প্রধান ইমরান খানের নেতৃত্বে হাজারো বিক্ষোভকারীর বিশাল গাড়িবহর রোববার উত্তরপশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান শহর ছেড়ে গেছে।
পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা যায়, শনিবার দেরা ইসমাইল খানে প্রায় দেড়শ’ গাড়ি ও মটরসাইকেল বহরের উপর গোলাপের পাঁপড়ি ছিটিয়ে স্বাগত জানানো হয়েছে।
এদিন রাজধানী ইসলামাবাদ থেকে শুরু হয় দুইদিনব্যাপী এ লংমার্চ। যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার শিকার এলাকাগুলোর মধ্যে অন্যতম ওয়াজিরিস্তান পর্যন্ত যাওয়ার কথা রয়েছে এ গাড়িবহরটির।
সেখানে এক সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
কিস্তু জঙ্গি হামলার আশঙ্কার কারণে গাড়িবহরটিকে গন্তব্যে যেতে দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ কারণের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড ও বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশও মোতায়েন করা হয়েছে।
বেসরকারি টিভি চ্যানেল দুনিয়ায় ইমরান খান বলেন, রোববার দক্ষিণ ওয়াজিরিস্তানে প্রবেশের চেষ্টা করার আগে তিনি বিদ্যমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মিত্রদলগুলোর সঙ্গে আলোচনা করবেন।
এ ব্যাপারে ইমরান খানের ভাষ্য, তারা শান্তির জন্য সেখানে যাচ্ছেন। সঙ্গে থাকা অতিথিদের জীবন তিনি বিপন্ন করতে চান না। কিন্তু ড্রোন হামলার হুমকির মাত্রা কতখানি তা তিনি জানতে চান।
কিন্তু দেরা ইসমাইল খানের পুলিশ কমিশনার কিফায়েতুল্লাহ বলেছেন, ইমরানের লং মার্চকে ওয়াজিরিস্তানে ঢুকতে দেয়ার প্রশ্নই নেই।
বোমা হামলা ও গুপ্তঘাতকের হামলার আশঙ্কার কারণে লং মার্চের জন্য নিরাপত্তা ব্যবস্থা করার পাশাপাশি দেরা ইসমাইল খানের বাইরের রাস্তাগুলো বন্ধ করে দেয়া হবে বলেই জানান তিনি।
উত্তরপশ্চিমাঞ্চলের ওইসব দুর্গম এলাকায় জঙ্গিদের গোপন আস্তানা রয়েছে অভিযোগে ড্রোন হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এ হামলার প্রতিবাদে লং মার্চ করলেও খোদ ইমরান খানকেই পশ্চিমাদের ‘হাতিয়ার’ বলে উল্লেখ করেছে জঙ্গিরা।
তবে এ লংমার্চে বিপুল সংখ্যক মানুষ যোগ দেবে বলে ইসলামাবাদ থেকে কয়েকশ’ সমর্থক নিয়ে লংমার্চ শুরুর সময় আশা প্রকাশ করেন ইমরান খান। অন্তত ৮০ জন বিদেশি শান্তিকামী মানবাধিকার কর্মীও রয়েছে এ লংমার্চে।
দেরা ইসমাইল খানে এ বিক্ষোভ বিপুল জনসমর্থন পেয়েছে। কিন্তু কয়েকদিন আগে এ এলাকায় ছড়িয়ে দেয়া তালেবান জঙ্গিদের এক লিফলেটে বলা হয়, লংমার্চের গাড়িবহরকে বোমা দিয়ে ‘স্বাগত’ জানানো হবে।
অনেক পাকিস্তানির মতো ইমরানও বলছেন, ড্রোন হামলায় বেসামরিক মানুষের মৃত্যু জঙ্গিদের প্রতি স্থানীয় মানুষের সমর্থন বাড়িয়ে তুলছে।
লংমার্চ শুরুর আগে এক সাক্ষাৎকারে ইমরান বলেন, রাষ্ট্রপ্রধান হলে ড্রোনবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর আদেশ দিতেন তিনি, কারণ এতে পাকিস্তানের সার্বভৌমত্ত্ব লঙ্ঘিত হচ্ছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও এ হামলাকে সার্বভৌমত্ত্বের প্রতি হুমকি বলে বিভিন্ন সময় মন্তব্য করেছেন, তবে এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয়ায় ড্রোন হামলায় তার মৌন সম্মতি রয়েছে বলে বিশ্বাস করে অনেক পাকিস্তানি।
ড্রোন হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, খুবই সতর্কতার সঙ্গে শুধু জঙ্গি স্থাপনার উপরেই এ হামলা চালানো হচ্ছে এবং এটি বন্ধ করলে আরো অনধিকারমূলক হামলা চালাতে হতে পারে যুক্তরাষ্ট্রকে।
চালকবিহীন এসব বিমান হামলায় বেসামরিক মানুষের মৃত্যুর কথা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তেমন স্বীকার করে না। তাদের দাবি, এসব হামলায় তালেবান ও আল কায়েদার জঙ্গিরা নিহত হলেও বেসামরিক মানুষের মৃত্যু বিরল ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৫৯ঘ.
bdnews24