লন্ডন, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জামিনের অর্থ দিতে অস্বীকৃতি জানিয়েছে জামিনদাররা। ৯ জন জামিনদার এ ব্যাপারে চাপ না দেয়ার জন্য লন্ডন আদালতে দাবি জানিয়েছে।
বুধবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে জামিনদার ভন স্মিথ বলেন, অ্যাসাঞ্জ ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়ার কারণে জামিনের শর্ত ভঙ্গ হওয়ায় জামিনদারদের দোষী করা ঠিক হবে না।
যৌন হয়রানির অভিযোগে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে সুইডেনের কাছে হস্তান্তর করার জন্য গ্রেপ্তার করা হয়। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক দলিলপত্র ফাঁস করে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের দুই স্বেচ্ছাসেবী অ্যাসাঞ্জের বিরুদ্ধে এ অভিযোগ আনে।
তবে এ অভিযোগ অস্বীকার করে আসছেন অ্যাসাঞ্জ। তাছাড়া, জিজ্ঞাসাবাদের জন্য সুইডেনের কাছে হস্তান্তর করা হলে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে এবং সেখানে অপরাধের সাজা হিসেবে তার মৃত্যুদণ্ডও হতে পারে বলে শঙ্কিত অ্যাসাঞ্জ।
গত জুন মাসে সুইডেনের কাছে হস্তান্তর এড়াতে আইনি কোনো বিকল্প পথ না পেয়ে অ্যাসাঞ্জ লন্ডনে ইউকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন।
এর আগে ২০১০ সালের ডিসেম্বরে অ্যাসাঞ্জ নির্ধারিত আড়াই লাখ ডলার জামিনে মুক্তি পেয়েছিলেন। জামিনের এ অর্থ আদায় করা হবে কি না সে ব্যাপারে আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানোর কথা আদালতের।
অ্যাসাঞ্জের জামিনদারদের পক্ষ থেকে এক বিবৃতিতে আইনজীবী হেনরি ব্যাক্সল্যান্ড বলেন, জামিনের শর্ত ভঙ্গের সময় অ্যাসাঞ্জ রাজনৈতিক আশ্রয়ে আছেন বলে দাবি করার কারণে বিষয়টি ‘সম্পূর্ণ ব্যতিক্রমী’।
যুক্তরাজ্যের সঙ্গে সুদৃঢ় ও স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক আছে এমন একটি দেশে তিনি নিরাপদ আশ্রয়ে থাকলে তার আইনি বৈধতা থাকা উচিত বলে দাবি করেন তিনি।
অ্যাসাঞ্জের জামিনদারদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া সাংবাদিক ফিলিপ নাইটলি, নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী জন সালস্টনের মতো ব্যক্তিও।
ইকুয়েডর অ্যাসাঞ্জের রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর করলেও দূতাবাসেই অবস্থান করছেন অ্যাসাঞ্জ। দূতাবাস চত্বর ছাড়লেই তাকে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।
এ বিষয়ে যুক্তরাজ্য ও ইকুয়েডরের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। গত মাসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, ব্রিটেনের হস্তান্তর আইনে “মানবাধিকার রক্ষার নিশ্চয়তা” নিশ্চিত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৩৫ঘ.
bdnews24