বিশ্ব/মধ্যপ্রাচ্য
ইয়েমেনে ড্রোন হামলায় আল কায়েদা নেতাসহ নিহত ১১
এডেন, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের দক্ষিণাঞ্চলে মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় আল কায়েদান স্থানীয় ৪ নেতাসহ অন্তত ১১ জন নিহত হয়েছে বলে স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তারা মঙ্গলবার জানান।
আল কায়েদা জঙ্গিদের অবস্থান লক্ষ করে আবিয়ান প্রদেশের লদারে এ হামলা চালানো হয়।
এক আদিবাসী নেতা জানান, হামলায় আল কায়েদার অন্তত ৪ জন স্থানীয় নেতা নিহত হয়েছে। এছাড়া হামলায় কোনো বেসামরিক ব্যক্তি হতাহত হয়নি বলে স্থানীয় বাসিন্দারা জানান।
নিহতদের মধ্যে আঞ্চলিক আল কায়েদা নেতা আবদুল মোনেম আল ফাতনিও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র প্রায়ই ইয়েমেনে আল কায়েদার অবস্থান লক্ষ করে ড্রোন হামলা চালিয়ে থাকে। গত বছর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের এধরনের এক হামলায় আল কায়েদা নেতা মার্কিন বংশোদ্ভূত আনওয়ার আল আওলাকি নিহত হন।
আওলাকি ইয়েমেন আল কায়েদার বহির্বিশ্বে হামলা পরিকল্পনা প্রধান ছিলেন বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫০৮ ঘ.
bdnews24