২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দামেস্ক ঘিরে চলছে তুমুল লড়াই

সিরিয়ার রাজধানী দামেস্কের দোর গোড়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলো পুনর্দখলের জোর চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 02:06 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

আম্মান, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সিরিয়ার রাজধানী দামেস্কের দোর গোড়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের সঙ্গে বিদ্রোহীদের তুমুল লড়াই চলছে। বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলো পুনর্দখলের জোর চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী। দামেস্কের শহরতলীতে বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলোর মধ্যে হামুরিয়া এখন সেনাদের হাতে চলে গেছে বলে জানিয়েছে আন্দোলনকর্মী ও স্থানীয় অধিবাসীরা। দামেস্কের আট কিলোমিটারের মধ্যে পৌঁছে যাওয়া বিদ্রোহীদেরকে সাঁজোয়া যান ও গোলন্দাজ বাহিনী দিয়ে আক্রমণ শানিয়ে পিছু হটিয়ে দিয়েছে সিরিয়া বাহিনী। ওদিকে, সাকাবায় অগ্রসরমাণ সরকারি সেনাদের ওপর বিক্ষিপ্ত হামলা চালাচ্ছে বিদ্রোহী সেনাদল ফ্রি সিরিয়ান আর্মি। রাস্তায় রাস্তায় বিদ্রোহীদের সঙ্গে লড়ছে সেনারা। ভোর থেকেই জোর লড়াই শুরু হয়েছে বলে জানিয়েছেন এক আন্দোলনকর্মী। সর্বত্র গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে বলে জানান তিনি। সেনারা দু’দিন লড়াইয়ের পর রোববার রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলীয় শহরতলী বিদ্রোহীদের কাছ থেকে পুনর্দখল করে। বিরোধী পক্ষের এক কর্মী পূর্বাঞ্চলের আল ঘৌতা এলাকা থেকে ফোনে জানান, অভিযানের মুখে ফ্রি সিরিয়ান আর্মি পিছু হটে গেলে সেনারা শহরতলীটি পুনরায় দখল করে নেয়। এরপরই ঘরে ঘরে তল¬াশি শুরু করে তারা। বিদ্রোহীরা জানায়, তারা কেফার বাতনা ও সাকবা থেকে পিছু হটছে। লড়াইয়ে অন্তত ১৫ বিদ্রোহী নিহত হয়েছে। তবে তিনদিনের এ লড়াইয়ে হতাহতের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছেন এক আন্দোলনকর্মী । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটম/এমডি/এলকিউ/১৭৪৬ঘ.