তেহরান, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে বিরোধের মুখে শিগগিরই ‘কিছু’ দেশে তেল রপ্তানি বন্ধের সংকল্প নিয়েছে ইরান।
তবে একইসঙ্গে ইউরোপীয় ইফনিয়নভুক্ত দেশগুলোতে অশোধিত তেল রপ্তানি বন্ধের বিল নিয়ে পালের্োমন্ট বিতর্ক পিছিয়েও দিয়েছে তারা।
ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে ১ জুলাই থেকে ইরানি তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর করবে ইইউ।
এ পরিস্থিতিতে তেল রপ্তানি নিয়ে পরষ্পরবিরোধী অবস্থান জানান দিচ্ছে ইরান।
নিষেধাজ্ঞার মাধ্যমেই নিষেধাজ্ঞা মোকাবেলা করা হবে এমন ইঙ্গিত দিয়ে ইরানের তেল বিষয়ক মন্ত্রী রোস্তাম কাসেমি বলেছেন, শিগগিরই কিছু দেশে অশোধিত তেল রপ্তানি বন্ধ করে দেওয়া হবে।
তবে কোন দেশগুলোতে রপ্তানি বন্ধ করা হবে তা জানাননি তিনি।
কাসেমির উদ্ধৃতি দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা জানায়, “শিগগিরই আমরা কয়েকটি দেশে তেল রপ্তানি বন্ধ করব।”
তবে ইরান এ সিদ্ধান্ত জানালেও ইইউ দেশগুলোতে জুলাইয়ের আগেই অবিলম্বে তেল রপ্তানি বন্ধের বিল নিয়ে পার্লামেন্টে রোবারের বিতর্ক পিছিয়ে দিয়েছে এমপিরা।
ইরানি পার্লামেন্টের জ্বালানি কমিটির মুখপাত্র এমাদ হোসেইনি বলেছেন, এ ধরনের কোনো খসড়া বিল এখনো তৈরি হয়নি এবং পার্লামেন্টে তোলা হয়নি।
এমপিরা এ মুহূর্তে কেবল বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করে দেখছে যে, এ ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসা যায় কিনা।
নিষেধাজ্ঞায় ইরানের তেমন কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন দেশটির কর্মকর্তারা।
ওদিকে, ইরানের তেলের অন্যতম ভোক্তা দেশ ভারত ইতোমধ্যেই পশ্চিমাদের নিষেধাজ্ঞায় গা ভাসাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।
যুক্তরাষ্ট্রে সফরের সময় ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী বলেন, “ইরান থেকে তেল আমদানি বন্ধ করা ভারতের পক্ষে সম্ভব না। কেননা ইরান উদীয়মান অর্থনীতির দেশ এবং একটি উদীয়মান দেশ আরেকটি দেশকে সহায়তা করে থাকে।”
কিন্তু ইরানের ওপর চাপ বাড়াতে এশীয় দেশগুলোও তেল আমদানি বন্ধ করে দিক এমনটিই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৬ঘ.
bdnews24