কিংসটন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তথাকথিত ‘সম্মান রক্ষা’র অজুহাতে চার নারীকে হত্যার অভিযোগে এক অভিবাসী আফগান পরিবারের তিন সদস্যকে দোষী সাব্যস্ত করেছে কানাডা।
কানাডায় মৃত্যুদণ্ডের বিধান না থাকায় এদের সবাইকে যাবজ্জীবন অর্থাৎ কানাডার আইন অনুসারে অন্ততপক্ষে ২৫ বছর করে কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার ওন্তারিও কিংসটনের এক বিচারক ওই তিনজনকে দোষী সাব্যস্ত করেন। এরা হলেন মোহম্মাদ শাফিয়া ও তার স্ত্রী তুবা মোহাম্মাদ ইয়াহিয়া এবং তাদের বড় ছেলে হামিদ মোহাম্মদ শাফিয়া।
নিহতরা হলেন হামিদ শাফিয়ার তিন কিশোরী বোন ও অপরজন তার প্রথম স্ত্রী। যদিও জনসমক্ষে তাকে কাজিন বলে পরিচয় করিয়ে দেওয়া হতো। কিন্তু মুসলিম বহুবিবাহ বিধানে ওই নারী তার স্ত্রী ছিল।
২০০৯ সালে কিংসটনের একটি খালে ডুবে যাওয়া গাড়ির ভেতর এ চারজনের লাশ পাওয়া যায়।
প্রায় তিন মাস শুনানি শেষে আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে জানায়, বেশ কিছু বিষয়ে এ তিন কিশোরীর বাবার সঙ্গে মতবিরোধ ছিল।
এদের একজনের ছেলে বন্ধু আছে এবং নারী শরণার্থী হিসেবে আশ্রয় চেয়েছিল। আরেকজনকে খোলামেলা পোশাক পরিধান করায় স্কুল থেকে বাড়ি ফেরত পাঠানো হয়েছিল।
আইনজীবীরা জানান, তাদের বাবা-মা ও ভাই তাদের মৃত্যুর জন্য দায়ী এবং এ কিশোরীরা তাদের ধর্ম ও পরিবারের ‘সম্মান নষ্ট’ করায় তাদের হত্যা করা হয়েছে।
অভিযুক্ত পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেছে। তাদের আইনজীবী এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪০০ ঘ.
bdnews24