ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরাকি বিদ্রোহীদের কাছে তিনি ‘দানব’ আর নিজ দলের কাছে ‘বীর’। কিন্তু যুক্তরাষ্ট্র নেভি সিলের সদস্য ‘গুপ্তঘাতক’ ক্রিস কাইলি আসলে কী?
পেন্টাগনের দাপ্তরিক হিসাব অনুযায়ী, ইরাকে ৬ বছর ‘গুপ্তঘাতক’র (স্নাইপার) দায়িত্বপালনকালে তিনি ১৬০ জন মানুষকে গুলি করে হত্যা করেন। আর নিজের হিসেবে তার দূরপাল্লার রাইফেলের গুলিতে নিহত মানুষের সংখ্যা ২৫৫ জন।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর এলিট ফোর্স নেভি সিলে যোগ দেওয়ার আগে কাইলি ছিলেন টেক্সাসের এক তরুণ কাউবয়। পরবর্তীকালে তিনি পরিণত হন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক গুপ্তঘাতকে। যার কাজ- অপেক্ষা করা, পর্যবেক্ষণ করা আর ঠাণ্ডা মাথায় হত্যা করা।
২০০৩ সালে তাকে ইরাকে পাঠানো হয়েছিলো। সেখানে তাদের সেনাদল একটি ইরাকি শহরে ঢোকার মুখে তাকে একটি দূরপাল্লার রাইফেল দিয়ে পাহারা দেওয়ার আদেশ দেওয়া হয়েছিলো।
এ সময় একদল লোক ওই সেনাদলটিকে স্বাগত জানাতে এগিয়ে আসে। হঠাৎ কাইলি দেখেন পাশে একটি বালকসহ এক নারী তাদের সেনাদলের দিকে এগিয়ে আসছেন। নারীর হাতে একটি গ্রেনেড।
নিজ সেনাদলকে বাঁচাতে মুহূর্তের সিদ্ধান্তে তিনি ওই নারীকে হত্যা করেন। এটি ছিলো তার প্রথম শিকার, প্রথম হত্যাকাণ্ড।
২০০৯ সাল পর্যন্ত তিনি ইরাকে ছিলেন। ২০০৩ থেকে ২০০৯, এ ছয় বছরে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় ‘গুপ্তঘাতক’ হয়ে ওঠেন।
তার মাথার দাম হিসেবে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিলো ইরাকি বিদ্রোহীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৪৫ ঘ.
bdnews24