ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিশরে হোসনি মুবারক বিরোধী বিক্ষোভের বর্ষপূর্তি উপলক্ষ্যে তাহরির চত্বরের সমবেত আন্দোলনকরারীরা চত্বরেই রয়ে গেছে।
সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার আরেকটি র্যালী হওয়ার কথা রয়েছে। অনেকে এ সময় পর্যন্ত তাহরির চত্বরে থেকে যাওয়ার পরিকল্পনা করেছে।
সমবেত অনেক আন্দোলনকারীই মিশরের অন্তর্বর্তী সামরিক পরিষদকে দ্রুত ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে।
মঙ্গলবার বিক্ষোভের এক বছর পূর্তিতে তাহরির স্কয়ারে জনতার ভিড় সামলাতে বড় কংক্রিটের ব্যারিকেড দেয় কর্তৃপক্ষ।
গত বছর ২৫ জানুয়ারির বিপ্লবে জড়িত গণতন্ত্রপন্থি কর্মীরা বর্ষপূর্তি পালন উপলক্ষে তাহরির স্কয়ারে পদযাত্রার পরিকল্পনা করেছে।
মুবারক আমলের লোকজনরা এখনও শাসব্যবস্থায় আছে অভিযোগ করে বিরোধিরা অবিলম্বে সামরিক শাসনাবসান চেয়ে বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে।
তবে মুবারক পরবর্তী নির্বাচনের পর গঠিত নতুন পার্লামেন্টে সবচেয়ে বড় দল হিসাবে স্থান করে নিতে পেরে আনন্দ করেছে ইসলামিক দল মুসলিম ব্রাদারহুড।
গত বছর বিক্ষোভের কেন্দ্রস্থল হয়ে ওঠা তাহরির স্কয়ারে বর্ষপূর্তি পালনের জন্য মঙ্গলবার রাত থেকেই সমবেত হতে শুরু করে জনতা। সেখানে তাঁবু গেড়ে অবস্থান নেয় তারা। স্লোগান দেয় শসস্ত্র বাহিনীর সর্বোচ্চ পরিষদের বিরুদ্ধে।
গণবিক্ষোভের মুখে গত বছর ফেব্র“য়ারিতে প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হওয়ার পর এই পরিষদ মিশরের ক্ষমতায় আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫২ঘ.
bdnews24