ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্তব্যকে ‘ননসেন্স’ আখ্যা দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ।
ফকল্যান্ড দ্বীপের বিষয়ে আর্জেন্টিনা সরকারের দৃষ্টিভঙ্গী ‘ঔপনিবেশিক’ বলে গত সপ্তাহে মন্তব্য করেছিলেন ক্যামেরন।
ক্যান্সারের চিকিৎসা শেষে বুধবার প্রথম জনসম্মুখে আসেন ক্রিশ্চিনা। এসময় তিনি ক্যামেরনের মন্তব্যের পাল্টা জবাব দেন বলে বিবিসি জানায়।
তিনি বলেন, “তারা আমাদের খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করতে চায়, অথবা সহিংস মানুষ হিসেবে। আর সত্য হচ্ছে এই, আমরা তা নই।”
থাইরয়েড সার্জারির জন্য ২০ দিন চিকিৎসা ছুটিতে থাকার পর প্রেসিডেন্ট প্রাসাদের মিলানায়তনে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি ভাষণ দেন।
ভাষণে ক্যামেরনের মন্তব্য নিয়ে আলোচনা প্রসঙ্গে ক্রিশ্চনার বলেন, বিতর্ক করার প্রয়োজনীয় যুক্তি যখন মানুষের কাছে থাকে না, তখন তারা অর্থহীন (ননসেন্স) কথাবার্তা বলে।
ক্যামেরনের ওই মন্তব্যে আর্জেন্টিনার অনেকেই তার প্রতি ক্ষিপ্ত হয়েছিলো। গত শুক্রবার বুয়েনস আয়ার্সের যুক্তরাজ্য দূতাবাসের সামনে প্রতিবাদ বিক্ষোভ হয়, যুক্তরাজ্যের পতাকা পোড়ানো হয় ও যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি ওঠে।
আগামী এপ্রিলে ফকল্যান্ড যুদ্ধ শুরু হওয়ার ৩০ বছর পূর্ণ হবে। ১৯৮২ সালের ২ এপ্রিল আর্জেন্টিনার নিকটবর্তী দ্বীপ ফকল্যান্ডের দখল নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্য। যুদ্ধে আর্জেন্টিনা পরাজিত হয়। ফকল্যান্ড যুক্তরাজ্যের দখলেই রয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৮
bdnews24