২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসবিসি’র মানি লন্ডারিং তদন্ত করছে মার্কিন সিনেট

বহুজাতিক ব্রিটিশ ব্যাংক এইচএসবিসি হোল্ডিংস পিএলসি মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র সিনেটের একটি প্যানেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2012, 06:45 AM

Updated : 24 Aug 2022, 10:39 AM

ওয়াশিংটন, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বহুজাতিক ব্রিটিশ ব্যাংক এইচএসবিসি হোল্ডিংস পিএলসি মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করছে যুক্তরাষ্ট্র সিনেটের একটি প্যানেল। তদন্তের সঙ্গে জড়িত লোকজন ও ব্যাংকের একটি সূত্রে এ খবর জানা গেছে। বহুজাতিক ব্যাংকগুলো ব্যবহার করে গোপন অর্থ পাচার বন্ধ করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ওই প্রচেষ্টার অংশ হিসেবেই এ তদন্ত বলে জানিয়েছে সূত্রগুলো। যুক্তরাষ্ট্র কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের একটি স্থায়ী সাবকমিটি তদন্তটি পরিচালনা করছে। তদন্ত শেষে কমিটি এ বিষয়ে একটি প্রতিবেদন পেশ করবে। আর আসছে বসন্তে এ বিষয়ে কংগ্রেসে একটি শুনানি হবে। সন্ত্রাসের মদদদাতা হিসেবে অভিযুক্ত দেশগুলোর (যুক্তরাষ্ট্রের বিবেচনায়) গোপন অর্থ লেনদেন, দুর্নীতিগ্রস্ত বিদেশি কর্মকর্তাদের লেনদেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো ও অপরাধীদের গোপন অর্থ লেনদেন বহুজাতিক ব্যাংকগুলো জেনেশুনেই গোপন করছে কিনা তাই তদন্ত করে সিনেটের ওই প্যানেল। সিনেটের এ প্যানেলেটি উচ্চ পর্যায়ের তদন্ত ও শুনানিতে অভিজ্ঞ। ২০০৮ থেকে শুরু করে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি ব্যাংক মানিলন্ডারিং আইন না মানায় দোষী সাব্যস্ত হয়ে ১শ’ ২০ কোটি ডলার জরিমানা দেয় এবং বিভিন্ন আইনি চুক্তিতে সই করতে বাধ্য হয়। সিনেটের তদন্ত ও শুনানি বিশ্বের শীর্ষ ব্যাংকগুলোর জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এইচএসবিসি ব্যাংকের নির্দিষ্ট কোন দিকটি সিনেট প্যানেল তদন্ত করছে তা জানা যায়নি। বৈধ নথিপত্র ও দীর্ঘদিনের পর্যবেক্ষণ থেকে রয়টার্সের ধারণা, এইচএসবিসি’র নিজস্ব মানিলন্ডারিং নীতিমালা ভাঙার অভিযোগগুলোরই তদন্ত করা হচ্ছে। এইচএসবিসির মুখপাত্র রবার্ট শ্রিমান জানিয়েছেন, অভিযুক্ত বিষয়গুলো ও অন্যান্য বিষয় নিয়ে তারা সিনেটের তদন্ত দলসহ যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। আলোচনার বিষয়গুলো গোপন রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “সব ক্ষেত্রেই আমরা সহযোগিতা করে যাচ্ছি।” তবে তদন্তকারী সিনেট সাবকমিটির মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৪ ঘ.