পোর্ট মোরসবি, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- পাপুয়া নিউগিনিতে সেনাবাহিনীর কিছু সদস্য বৃহস্পতিবার বিদ্রোহ করেছে। এরই জেরে পদচ্যুত ও গৃহবন্দি হয়েছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ব্রিগ্রেডিয়ার জেনারেল ফ্রান্সিস আগয়ুয়ি।
আগয়ুয়ির স্থলে অবসরপ্রাপ্ত কর্নেল আউরা সাফাকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা।
সরকার প্রধানের পদ নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী ও’নেইল ও সাবেক প্রধানমন্ত্রী স্যার মিশেল সোমারির মধ্যেকার চলমান দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দুজনেই নিজেদেরকে দেশটির প্রধানমন্ত্রী বলে দাবি করছেন।
বৃহস্পতিবার সকালে রাজধানী পোর্ট মোরসবিতে সেনা বিদ্রোহের সূচনা হয় বলে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ও কর্মকর্তারা জানান।
বিদ্রোহের নেতা সাফা ইন্দোনেশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত ছিলেন।
এবিসি’র প্রতিবেদনে বলা হয়, তোওরামা ব্যারাকে ১২-২০ জন সেনা নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালায় ও কমান্ডিং অফিসারকে বন্দি করে। এরপর তারা মুরে ব্যারাকে গিয়ে আগয়ুয়িকে গৃহবন্দি করার পর বিদ্রোহের নেতা সাফা নিজেকে কমান্ডার হিসেবে ঘোষণা দেন।
তবে রেডিও নিউজিল্যান্ড তাদের প্রতিবেদনে জানায়, বিদ্রোহের কথা অস্বীকার করে সাফা জানিয়েছেন, স্যার মিশেলের সরকার তাকে নিয়োগ দিয়েছে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী পিটার ও’নেইল কোনো মন্তব্য করেননি।
আগয়ুয়ি পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী হিসেবে পিটার ও’নেইলের সমর্থক।
গত বছরের মার্চ মাসে চিকিৎসার জন্য স্যার মিশেল বিদেশে যাওয়ার পর অগাস্ট মাসে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হয়।
ও’নেইলকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে পার্লামেন্ট অবৈধকাজ করেছে বলে ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করে। স্যার মিশেলকে প্রধানমন্ত্রীর পদে থাকার নির্দেশও দেয় আদালত।
তবে ও’নেইল পদত্যাগে অস্বীকৃতি জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫৯ ঘ.
bdnews24