ত্রিপোলি, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সাবেক ও নিহত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি অনুগত যোদ্ধারা দেশটির রাজধানী ত্রিপোলির দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর বনি ওয়ালিদ দখলে নিয়েছে।
সোমবার শহরটি দখলে নেওয়ার পর যোদ্ধারা দেশটির অন্তর্র্বতী জাতীয় পরিষদ (এনটিসি) সরকারের বিরুদ্ধে তাদের সবুজ পতাকা উড়িয়েছে।
গত বছরের অক্টোবরে গাদ্দাফি এনটিসি অনুগত যোদ্ধাদের হাতে ধরা পড়েন এবং নিহত হন।
ত্রিপোলি থেকে ১২০ মাইল দূরবর্তী ওই শহরটিতে গাদ্দাফি অনুগত যোদ্ধারা এনটিসির আধাসামরিক বাহিনীর ওপর হামলা চালিয়ে তাদের পিছু হঠতে বাধ্য করে।
এনটিসির একজন আধাসামরিক বাহিনীর সদস্য বলেন, “তারা (গাদ্দাফি অনুগত বাহিনী) এখন শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। সারা শহর দখলদার বাহিনী টহল দিচ্ছে।”
ওই সদস্য আরো বলেন, “দখলদার যোদ্ধারা গাদ্দাফির জমানার ৪২ বছরের শাসনের স্মারক নতুন সবুজ পতাকা শহরের কেন্দ্রস্থলে উড়িয়ে দিয়েছে।”
শহরের এক অধিবাসী জানিয়েছেন, গাদ্দাফি অনুগত যোদ্ধাদের সাথে এনটিসি বাহিনীর লড়াইয়ে চারজন নিহত ও ২০ জন আহত হয়েছে। লড়াইয়ে উভয়পক্ষই ভারী অস্ত্র ব্যবহার করেছে।
বলি ওয়ালিদ শহরটিতেই সবশেষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল এনটিসি বাহিনী। এই শহরটি শক্তিশালী ওয়ারফাল্লাহ গোত্রের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। ওই গোত্রের অনেকেই লিবিয়ার নতুন সরকারের প্রতি অনাস্থা জানিয়েছে।
লিবিয়ার বিমানবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, বনি ওয়ালিদের দিকে যুদ্ধবিমান পাঠানো হয়েছে। সেনা পরিষদের মুখপাত্র আইয়াদ লারৌসি জানিয়েছেন, প্রশিক্ষিত দেড় হাজার সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো সময় তারা বনি ওয়ালিদকে দখলমুক্ত করতে অভিযান শুরু করবে।
তিনি আরো বলেন, “বনি ওয়ালিদের পরিস্থিতি যদি অপরিবর্তিত থাকে তবে আমরা সেখানে অভিযান শুরু করবো।”
তবে ত্রিপোলি সরকার এ ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনোকিছু জানা সম্ভব হয় নি।
এনটিসি সরকার লিবিয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে গাদ্দাফিবিরোধী যোদ্ধাদের আর্থিক দাবি-দাওয়া নিয়ে বেশ হিমশিম খাচ্ছে তারা।
এ অবস্থায় বনি ওয়ালিদের নিয়ন্ত্রণ ছুটে যাওয়ায়ারো একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হলো এনটিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৩৯ ঘ.
bdnews24