ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিসা আইনভঙ্গের অভিযোগে ১৬১ জন বিদেশি ইসলামধর্মীয় নেতাকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে শ্রীলঙ্কা।
তাবলিগ জামায়াতের অংশ হিসেবে শ্রীলঙ্কায় অবস্থান করা এই দলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ ও আরবদেশগুলোর নাগরিকেরা রয়েছেন বলে বিবিসি জানিয়েছে।
শ্রীলঙ্কার অভিবাসন বিভাগের প্রধান চুয়ালানন্দা পেরেরার বরাত দিয়ে এএফপি জানায়, পর্যটক ভিসা নিয়ে শ্রীলঙ্কায় অবস্থান করায় মসজিদে গিয়ে ধর্ম প্রচারের কোনো অধিকার তাদের নেই।
তিনি বলেন, “তারা অভিবাসন আইন ভঙ্গ করেছে। পর্যটক ভিসার উদ্দেশ্য ধর্ম প্রচার নয় বরং ছুটি কাটানো বা বন্ধু ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা।”
এ কর্মকর্তা আরো জানান, এ ধর্মীয়নেতারা ইসলাম ধর্ম অনুযায়ী শিক্ষা দিচ্ছেন না বলেও স্থানীয় মুসলমানরা অভিযোগ করেছেন।
এদিকে একসঙ্গে এত বেশি সংখ্যক মুসলমান নেতাকে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া উদ্বেগ প্রকাশ করেছে শ্রীলঙ্কা সরকারের মুসলিম সদস্যরা। এ নির্দেশকে বিলম্বিত করতে সোমবার তারা অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের আশা করছেন।
এ ঘটনায় দেশটির তৃতীয় বৃহত্তম সম্প্রদায় মুসলমানদের মধ্যেও আশঙ্কার সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৩৭ ঘ.
bdnews24