ওয়াশিংটন, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েণ্টিফোর ডটকম/রয়টার্স)- অনলাইন পাইরেসি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রস্তাবিত আইনের ওপর ভোটাভুটি থেকে পিছিয়ে এসেছে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দল ডেমক্রেটিক পার্টি।
ডেমক্রেটিক পার্টির নেতা হ্যারি রেইড শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত এ আইন নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া হওয়ায় তারা আপাতত ভোটাভুটি স্থগিত করছেন।
সিনেটে প্রস্তাবিত ‘প্রোটেক্ট ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্ট’ (পিআইপিএ) ও প্রতিনিধি পরিষদের প্রস্তাবিত ‘স্টপ আনলাইন পাইরেসি অ্যাক্ট’ নিয়ে আগামী ২৪ জানুয়ারি কংগ্রেসে ভোটাভুটি হওয়ার কথা ছিলো। এ দুটি আইন পাস হলে বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের পাইরেটেড পণ্য বিক্রি বন্ধ করতে পদক্ষেপ নিতে পারবে যুক্তরাষ্ট্র।
এই প্রস্তাব উত্থাপিত হওয়ার পরপরই ইন্টারনেটভিত্তিক শতাধিক কোম্পানি এর তীব্র বিরোধিতা করে এবং অনলাইনে বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া প্রতীকী প্রতিবাদ হিসেবে তাদের ইংরেজি সংস্করণ ২৪ ঘণ্টা ‘কালো’ করে রাখে। এছাড়া গুগল, ফেইসবুক, টুইটারসহ বহু জনপ্রিয় ওয়েবসাইট এ প্রতিবাদে একাত্মতা জানায়।
বিবৃতিতে রেইড বলেন, “সা¤প্রতিক কিছু বিষয়ের আলোকে, আমরা পিআইপিএর ওপর আগামী মঙ্গলবারের ভোটাভুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।”
“প্রস্তাবিত এই আইন নিয়ে বিভিন্ন মহল থেকে যুক্তিসঙ্গত যে সব আপত্তি উঠেছে তা নিরসন না হওয়ার কোনো কারণ নেই, গত কয়েকদিনের আলোচনায় আমরা ভালোই এগিয়েছি। আসছে দিনগুলোতে এ বিষয়ে আমরা একটি সমঝোতায় পৌঁছতে পারবো বলে আমি আশাবাদী”, বলেন তিনি।
প্রস্তাবিত আইনটির বিষয়ে বৃহত্তর সমঝোতা না হওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটিও অপেক্ষা করবে বলে জানিয়েছেন কমিটির রিপাবলিকান চেয়ারম্যান লামার স্মিথ।
তিনি বলেন, “আমি সমালোচকদের কথা শুনেছি এবং তাদের উদ্বেগ গুরুত্বের সঙ্গে নিয়েছি। এটা পরিষ্কার যে, প্রস্তাবিত আইনটির বিষয়ে আমাদের আরো পর্যালোচনা করতে হবে। বিদেশি চোরদের হাত থেকে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত পণ্য কীভাবে রক্ষা করা যায় তার সেরা উপায় আমাদের বের করতে হবে।”
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র, সঙ্গীত শিল্প, প্রকাশনা শিল্প ও ওষুধ নির্মাণ শিল্পের সঙ্গে জড়িতরা প্রস্তাবিত আইনটির সমর্থক। তাদের তৈরি বিভিন্ন পণ্য বিদেশে অবৈধভাবে বিক্রি হওয়ায় কয়েক শ’কোটি ডলার লোকসান হয় বলেও দাবি করেছেন তারা।
অন্যদিকে, প্রযুক্তি শিল্পের সঙ্গে জড়িত ও মানবাধিকার কর্মীরা প্রস্তাবিত আইনের সমালোচনা করছেন। আইনটি প্রযুক্তি শিল্পের ক্ষতি করবে বলে দাবি করছেন এ শিল্পের সঙ্গে জড়িতরা। আর মানবাধিকার কর্মীরা বলছেন, এ আইন পাস হলে মানুষের বাকস্বাধীনতা বাধাগ্রস্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৩১০ ঘ.
bdnews24