২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুয়ানতানামোয় আল কায়েদার ম্যাগাজিন’

গুয়ানতানামো বন্দি শিবিরে সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি ম্যাগাজিন বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন আইনজীবী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 06:15 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

গুয়ানতানামো বে, যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি (কিউবা), জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গুয়ানতানামো বন্দি শিবিরে সন্দেহভাজন জঙ্গিদের মধ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত একটি ম্যাগাজিন বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন আইনজীবী। বুধবার বন্দি শিবিরে চিঠি আদানপ্রদানের নিরাপত্তা নিয়ে আদালতে আলোচনার সময় ওই আইনজীবী এ কথা প্রকাশ করেন। ডিসেম্বরে গুয়ানতানামো বন্দি শিবিরের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেভিড উডস বন্দি শিবিরে আটক বন্দিদের আইনজীবীদের পাঠানো চিঠিপত্রের ওপর নজরদারী আরো বাড়ানোর ব্যাপারে নির্দেশ জারি করেন। কিউবার গুয়ানতানামো উপসাগরে যুক্তরাষ্ট্রের এই নৌঘাঁটিতে ১৭১ জন বন্দি আছে। মঙ্গলবার গুয়ানতানামো যুদ্ধাপরাধ আদালতে সন্দেহভাজন আল কায়েদা বোমারু আব্দুল আল রহিম আল নাসিরির ওপর একটি শুনানি চলাকালে উডসের ওই নির্দেশ নিয়ে কথা ওঠে। বন্দি শিবিরে নিষিদ্ধ কোনো কিছুর প্রবেশ রোধে চালু করা নতুন নিয়ম দরকারী বলে যুক্তি দেন উডস। কিন্তু তিনি কোন নির্দিষ্ট কারণ নির্দেশ করেননি। বুধবার নাসিরির মামলার এক আইনজীবী আদালতে বলেন, বন্দি শিবিরে পাঠানো চিঠিপত্রের নজরদারীতে পুরনো নিয়ম আর কাজ করছে না। আন্দ্রিয়া লকহার্ট নামের নৌবাহিনীর কমান্ডার এই আইনজীবী অভিযোগ করেন, “জঙ্গিদের অনুপ্রাণিত করার মতো ম্যাগাজিন বন্দি শিবিরের ভেতরে ঢুকছে, যা ঢোকার কথা নয়।” তবে পেন্টাগনের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে গুয়ানতানামোতে আটক হওয়া ম্যাগাজিন সম্পর্কে কিছু জানাতে পারেননি। নিষিদ্ধ ম্যাগাজিনটি বন্দি শিবিরের কোনো বন্দির বেসামরিক আইনজীবী পাঠিয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন লকহার্ট। অনুপ্রাণিত করার মতো ম্যাগাজিন বলতে সাধারণত আল কায়েদার ইয়েমেন শাখার প্রকাশনাকে বোঝানো হয়ে থাকে। এরকম এক প্রকাশনায় “মায়ের রান্নাঘরে বোমা তৈরি” নামের একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিলো। এই প্রকাশনাটিকে যুক্তরাষ্ট্র আল কায়েদার প্রচারণা ও সদস্য সংগ্রহের মাধ্যম বলে বিবেচনা করে। প্রকাশনাটির সম্পাদক গত সেপ্টেম্বর মাসে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০০ ঘ.