লন্ডন, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যের ফোন হ্যাকিং কেলেঙ্কারির ঘটনায় দোষ স্বীকার করেছে মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের নিউজ কর্পোরেশন।
রাজি হয়েছে হ্যাকিংয়ের শিকার হওয়া বিভিন্ন তারকা ও রাজনীতিবিদদের ক্ষতিপূরণ দিতেও।
নিউজ অব দ্য ওয়ার্ল্ডের ফোন হ্যাকিংয়ের শিকার হওয়াদের মধ্যে অভিনেতা জুড ল ক্ষতিপূরণ হিসাবে ১৩০,০০০ পাউন্ড, তার সাবেক স্ত্রী ৫০ হাজার পাউন্ড এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী ৪০ হাজার পাউন্ড পেয়েছেন- হাই কোর্টকে একথাই জানানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নিউজ কর্পোরেশন দোষ স্বীকার করে জানায়, কতটা অবৈধ কার্যকলাপ চলেছে কোম্পানির নির্বাহী কর্মকর্তারা তা গোপন করে গেছেন। তারা তথ্য প্রমাণ নষ্ট করেছেন এমনকি তদন্তকারীদেরকেও মিথ্যা বলেছেন। হ্যাকিংয়ের শিকার হওয়া লোকজনদের আইনজীবীরা বৃহস্পতিবার একথা জানান।
এরপরপরই এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজি হওয়ার কথা জানায় নিউজ কর্পোরেশন।
এতে বলা হয়, নিউজ গ্র“প নিউজপেপারস (এনজিএন) এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকরা ওই অপকর্মের কথা জানতেন এবং ইচ্ছাকৃতভাবে তা গোপন করার চেষ্টা চালানোর অপরাধের কারণে নিউজ গ্র“প ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে।
মার্ডকের নিউজ ইন্টারন্যাশনাল এর আগে ফোন হ্যাকিং এবং ভয়েসমেইল চুরির দায় চাপিয়ে এসেছে এক সাংবাদিকের ওপর। যে অপরাধে ওই সাংবাদিকের জেল পর্যন্ত হয়েছে।
কিন্তু গত বছর বেশকিছু অকাট্য তথ্যপ্রমাণের ভিত্তিতে নিউজ ই্ন্টারন্যাশনাল শেষ পর্যন্ত ব্যাপকহারে এ অপকর্মের দায় স্বীকার করে কেলেঙ্কারির মুখে পড়ে।
প্রথম ২৬ টি হ্যাকিংয়ের ঘটনার মধ্যে ১৯ টি ঘটনা ক্ষতিপূরণ দিয়ে নিষ্পত্তি করার বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে আদালতকে জানানো হয়েছে। তবে নিউজ ইন্টারন্যাশনাল এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪২ঘ.
bdnews24