গিগলিও, ইতালি, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালির পশ্চিম ঊপকূলের কাছাকাছি এক দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজের নিখোঁজ যাত্রীদের সংখ্যা ২৯ জন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদের মধ্যে ১৬ জন যাত্রী ও ৪ জন ক্রু রয়েছে।
নিখোঁজ যাত্রীদের মধ্যে ১০ জন জার্মান পর্যটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাহাড়ি ঊপকূলের একটি পাথরের সঙ্গে সংঘর্ষে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। আর এর পরপরই জাহাজটি একপাশে কাত হয়ে যায়। ওইসময় জাহাজের যাত্রীদের রাতের খাবার পরিবেশন করা হচ্ছিলো। দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ছয় জন নিহত ও ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনাকবলিত ২৯০ মিটার দৈর্ঘ্যরে জাহাজটির একপাশ সোমবার রাতে পানির নিচে থাকা পাথরের ওপর আশ্রয় নেয়। এতে জাহাজটি কাত হয়ে একটি স্থির অবস্থায় রয়েছে।
জাহাজের বিলাসবহুল কেবিনগুলো, কয়েকটি টেনিস কোর্ট, বার ও স্পা স্যালুনগুলো সাগরের পানির নিচে তলিয়ে আছে।
১ লাখ ১৪ হাজার ৫০০ টন ওজনের এ জাহাজটিতে ২ হাজার ৩শ’ টন জ্বালানি রয়েছে। ওই জ্বালানি ছড়িয়ে পড়লে ভূমধ্যসাগরের ওই এলাকায় প্রাকৃতিক বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে জ্বালানি ছড়িয়ে পড়ার কোনো লক্ষণ এখনো পর্যন্ত দেখা যায়নি।
তেল ছড়িয়ে পড়ার মতো কোনো ঘটনা ঘটলে ‘জরুরি অবস্থা’ ঘোষণা করবেন বলে জানিয়েছেন ইতালির পরিবেশমন্ত্রী কোরাদো ক্লিনি।
গত শনিবার জাহাজটির ক্যাপ্টেন ফ্রানসেস্কো শেত্তিনোকে গ্রেপ্তার করা হয়। জাহাজের ৪ হাজার ২শ’ জনেরও বেশি যাত্রী ও কর্মী নিরাপদ স্থানে সরে যাওয়ার আগেই জাহাজ ছেড়ে যাওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে।
ফ্রানসেস্কো শেত্তিনোকে নিয়োগকারী প্রতিষ্ঠান কোস্তা ক্রোসিয়ের রোববার এক বিবৃতিতে জানিয়েছে, শেত্তিনো তার ‘হিসাবে বড়ো ধরনের ভুল করায়’ জাহাজটি ঊপকূলের খুব কাছাকাছি চলে আসে এবং একটি পাথরের সঙ্গে সংঘর্ষের ফলে জাহাজটির কাঠামোতে বড় ধরনের ফুটো হয়ে যায়।
জাহাজের উদ্ধার পাওয়া যাত্রীরা বলছে, যাত্রীদের জাহাজ থেকে সরিয়ে নেওয়ার তৎপরতায় অজ্ঞাত কারণে দেরি করে কর্তৃপক্ষ। এর ফলে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে। অনেকে সমুদ্রের বরফ ঠাণ্ডা পানিতে ঝাঁপিয়ে পড়ে বিশ্বখ্যাত চলচ্চিত্র ’টাইটানিক’র দৃশ্যের মতোই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৪ ঘ.
bdnews24