২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু নিরাপত্তায় শীর্ষে অস্ট্রেলিয়া

পরমাণু অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয় এমন উপাদানের নিরাপত্তা ব্যবস্থায় সবচেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এ ক্ষেত্রে উত্তর কোরিয়ার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে ভঙ্গুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 08:26 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরমাণু অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয় এমন উপাদানের নিরাপত্তা ব্যবস্থায় সবচেয়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এ ক্ষেত্রে উত্তর কোরিয়ার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে ভঙ্গুর। বিশেষজ্ঞদের তৈরি করা একটি সূচক বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। তাতে এ ৩২টি দেশের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। উত্তর কোরিয়ার পর পাকিস্তানের পরমাণু উপাদানের নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছে বলে ওই সূচক সূত্রে জানা গেছে। সাবেক মার্কিন সিনেটর স্যাম নান এবং দ্য ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট পরিচালিত ‘দ্য নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ’ (পারমাণু হুমকি উদ্যোগ) তালিকাটি প্রকাশ করে। বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রের নিরাপত্তায় রাষ্ট্রগুলোকে সচেতন করার উদ্দেশ্যেই তালিকাটি করা হয়েছে বলে জানিয়েছেন নান। “এই তালিকার উদ্দেশ্য কোনো দেশকে অভিনন্দন জানানো বা কাউকে নিন্দা জানানো নয়, বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্রের নিরাপত্তা রক্ষার বৈশ্বিক দায়িত্বের বিষয়ে রাষ্ট্রগুলোকে সচেতন করার উদ্দেশ্যেই এই তালিকা,” বলেন নান। অস্ত্রে ব্যবহার করার মতো অন্তত এক কেজি পরমাণু উপাদান আছে এমন ৩২টি দেশের তালিকা ওই সূচকে প্রকাশ করা হয়। এতে অস্ট্রেলিয়ার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে ভালো হিসেবে স্বীকৃতি পায়। এরপরই আছে ইউরোপের দেশ হাঙ্গেরি, চেক রিপাবলিক ও সুইজারল্যান্ড। তালিকাটি তৈরির জন্য ১০০ পয়েন্টের একটি পরিমাপক নির্ধারণ করা হয়। এই তালিকায় সবচেয়ে কম পয়েন্ট পেয়ে উত্তর কোরিয়ার ঠাঁই হয় সর্বনিম্নে। এর ঠিক ওপরেই রয়েছে পাকিস্তান। ইরান, ভিয়েতনাম ও ভারতের পয়েন্ট ৫০’র নিচে। তালিকায় সর্বোচ্চ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়ার কোনো পারমাণু অস্ত্র নেই এবং দেশটি পরমাণু অস্ত্র বিরোধী। অথচ বিশ্বের সবচেয়ে বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে এই দেশটিতেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১০ ঘ.