২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় ফরাসি সাংবাদিক নিহত

সিরিয়ায় গিলেস জ্যাকুইয়ার নামে একজন ফরাসি টেলিভিশন সাংবাদিক নিহত হয়েছেন। দেশটিতে চলমান সহিংসতায় এই প্রথম একজন পশ্চিমা সাংবাদিক নিহত হলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 06:40 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরিয়ায় গিলেস জ্যাকুইয়ার নামে একজন ফরাসি টেলিভিশন সাংবাদিক নিহত হয়েছেন। দেশটিতে চলমান সহিংসতায় এই প্রথম একজন পশ্চিমা সাংবাদিক নিহত হলেন। বুধবার সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর হমসে ৪৩ বছর বয়সী ওই সাংবাদিক নিহত হন। তিনি ফরাসি টেলিভিশন চ্যানেল টু-এ কর্মরত ছিলেন। ফরাসি সরকারের অনুমতি নিয়ে জ্যাকুইয়ার হমসে গিয়েছিলেন বলে জানিয়েছে চ্যানেল টু। সিরিয়ার টেলিভিশনে প্রচারিত খবরে বলা হয়েছে, বুধবার হমসে নিহত আট জনের মধ্যে জ্যাকুইয়ার অন্যতম। তবে সরকার বিরোধীরা নিহতের সংখ্যা ১০ জন বলে দাবি করেছে। বিদেশি সাংবাদিকদের ১৫ জনের একটি দলের সঙ্গে জ্যাকুইয়ারকে হমসের বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিলো বলে জানিয়েছে বিবিসি। ওই দলের সদস্য জ্যাকুইয়ারের এক সহকর্মী জানান, তারা সিরিয়ার বেসামরিক লোকদের সঙ্গে নিপীড়নের শিকার ও গুলিতে আহতদের দেখতে যাচ্ছিলেন। এসময় পার্শ্ববর্তী ভবনের দেয়ালে একটি গ্রেনেড বিস্ফোরিত হলে তারা দৌঁড়ে আরেকটি অ্যাপার্টমেন্ট ভবনে আশ্রয় নেন। তখন গিলেস জ্যাকুইয়ার তার ২০-৩০ মিটার পিছনে ছিলেন। তারা সিঁড়ি দিয়ে ওঠার সময় আরো বেশ কয়েকটি গ্রেনেড তাদের খুব কাছাকাছি বিস্ফোরিত হয়। গ্রেনেড বিস্ফোরণে সিঁড়ি কোঠার গ্লাস ভেঙে চারদিকে ছিটকে যায়। এর কয়েক মুহূর্ত পর জ্যাকুইয়ারের ওই সহকর্মী নিচে নেমে দেখেন সেখানে তার মৃতদেহ পড়ে আছে। তারপর আরো কয়েকজনের লাশ তার চোখে পড়ে। এসময় তিনি গুলির শব্দও শুনেছেন বলে জানান। এ ঘটনায় নেদারল্যান্ডের একজন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানা যায়। ঘটনাস্থলটি প্রেসিডেন্ট আসাদের আলাউতি গোত্রের এলাকা হওয়ায় হামলাকারীদের সরকার সমর্থক বলে ধারণা করা হচ্ছে। আসাদবিরোধী পক্ষ থেকে এ হামলার কোনো উল্লেখ বা দাবি করা হয়নি। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালান জুপ্পে এ হত্যাকান্ডের নিন্দা জানিয়ে ঘটনার পূর্ণ তদন্ত দাবী করেছেন। বুধবার হমসে নিহত মোট ১০ জনসহ পুরো সিরিয়াজুড়ে আরো ২৪ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকার বিরোধী পক্ষগুলো। গত মার্চে শুরু হওয়া সিরিয়ার সরকারবিরোধী বিক্ষোভ-সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৫ হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। আর সিরীয় সরকার দাবি করছে, ‘সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী’র হামলায় এ পর্যন্ত সরকারি বাহিনীর প্রায় ২ হাজার সদস্য নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৬ ঘ.