ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ‘সৎ নন’ বলে জানিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত।
টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে, মঙ্গলবার পাকিস্তান সুপ্রিমকোর্ট গিলানিকে ‘সৎ মানুষ নন’ বলার সঙ্গে সঙ্গে তার সরকারের ‘স্বেচ্ছাচারিতার’ নিন্দা জানিয়েছে।
সেইসঙ্গে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে সুইজারল্যান্ডে থাকার সময় অর্থ পাচার মামলা পুনরায় শুরুর বিষয়ে পদক্ষেপ না নিলে গিলানিকে অপসারণ করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।
এদিকে দুর্নীতি মামলা পুনরায় শুরু করা না হলে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারির পর বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের জরুরি অধিবেশন আহ্বান করা হয়েছে।
মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী গিলানির যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
পাকিস্তান প্রেসিডেন্টের মুখপাত্র ফরহাতুল্লাহ বাবর বলেন, “সা¤প্রতিক রাজনৈতিক বিষয়ে আলোচনার জন্য পাকিস্তান পিপল’স পার্টির নেতৃত্বাধীন জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা ‘ন্যাশনাল অ্যাসেম্বলি’ বা পার্লামেন্টের নিুকক্ষের ‘জরুরি অধিবেশন আহ্বানের প্রস্তাব করেছেন।”
বাবর আরো জানান, ১২ জানুয়ারি বিকেল চারটায় জরুরি এ অধিবেশন আহ্বানের বিষয়ে একমত হয়েছেন জোট নেতারা।
প্রেসিডেন্টের এ মুখপাত্র আরো বলেন, “ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশন থেকে কি ধরনের কৌশল নির্ধারণ করা হবে অধিবেশনের আগে পার্লামেন্টে হাউসে সংসদীয় দলগুলোর এক যৌথ বৈঠক থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”
২০০৭ সালে সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফের শাসনামলে এক সাধারণ ক্ষমার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া দুর্নীতি মামলাগুলো পুনরায় চালুর আদেশ দেয় আদালত। ২০০৯ সালের ডিসেম্বরে পাকিস্তান সুপ্রিম কোর্ট সাধারণ ক্ষমা বাতিল করে দেয়। এরপর থেকে মামলাগুলো পুনরায় চালুর জন্য সরকারের ওপর চাপ বাড়ে।
তবে প্রেসিডেন্টের আইনি সুরক্ষার দোহাই দিয়ে জারদারির বিরুদ্ধে অর্থ পাচার মামলা পুনরায় চালুর অস্বীকৃতি জানিয়েছে আসছে পাকিস্তান সরকার।
পাকিস্তান পিপলস পার্টির ভীত হওয়ার বা স্বৈরশাসকের কাছে পরাজয়ের নজির নেই। এর চেয়ে পিপিপি প্রধানরা কারাবরণে রাজি আছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
সুপ্রিম কোর্টের ওই হুঁশিয়ারির পর প্রধানমন্ত্রী ভবন থেকে দেয়া এক বিবৃতিতে গিলানি বলেন, “জুলফিকার আলি ভুট্টো ও বেনজির ভুট্টো কারাবরণ করেছেন এবং তাদের জীবনও দিয়েছেন। কিন্তু আদর্শ থেকে তাদের সরানো যায়নি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৫১ ঘ.
bdnews24