সিউল, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হুন্দাইয়ের এক কর্মী নিজের গায়ে আগুন লাগানোর ঘটনায় প্রতিষ্ঠানটির একটি মোটর ইঞ্জিন কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে শ্রমিকরা।
ইউনিয়নের কর্মকাণ্ডের ওপর কোম্পানির নিপীড়নের প্রতিবাদে ওই শ্রমিক গায়ে আগুন লাগায় বলে হুন্দাইয়ের শ্রম ইউনিয়ন সোমবার এক বিবৃতিতে জানায়।
দক্ষিণ কোরিয়ার এই প্রসিদ্ধ গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানেও যে শ্রম বিষয়টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এ ঘটনা তারই বহিঃপ্রকাশ।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণপূর্বাঞ্চলীয় উলসান শহরে ইঞ্জিন নির্মাণ প্ল্যান্ট থেকে রোববার বিকালে শিন নামের ওই শ্রমিককে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তিনি বুসান শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ইউনিয়নের এক কর্মকর্তা বলেন, ‘এ ঘটনার পর ইঞ্জিন প্ল্যান্ট কাজ বন্ধ করে দিয়েছি আমরা। অবস্থা গুরুতর এবং কোম্পানি ইউনিয়নের কর্মকাণ্ডের ওপর দমন বন্ধসহ আমাদের দাবি না মানলে উৎপাদন বন্ধ দীর্ঘায়িত হতে পারে।”
এদিকে কোম্পানির এক মুখপাত্র জানান, এ প্ল্যান্ট অপেক্ষাকৃত ছোট ও অন্যান্য প্ল্যান্ট উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নেবে। তাই ইঞ্জিন উৎপাদনে এর প্রভাব পড়বে না। হুন্দাইয়ের ভেরাক্রুজ এসইউভি’র জন্য ডিজেল ইঞ্জিন তৈরি হয় এখানে।
কোম্পানির মুখপাত্র আরো বলেন, “পুলিশ এ ঘটনা তদন্ত করছে এবং আমরা এর জন্য অপেক্ষা করছি।”
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩১ ঘ.
bdnews24