২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবজাতি আরো হাজার বছর নাও টিকতে পারে: হকিং

মানবজাতি আরো এক হাজার বছর টিকে নাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। মানবজাতির ভবিষ্যৎ রক্ষায় তিনি মহাবিশ্ব সম্পর্কে কৌতুহলী হওয়ার পরামর্শ দিয়েছেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ক্যামব্রিজ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মানবজাতি আরো এক হাজার বছর টিকে নাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বর্তমান বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। মানবজাতির ভবিষ্যৎ রক্ষায় তিনি মহাবিশ্ব সম্পর্কে কৌতুহলী হওয়ার পরামর্শ দিয়েছেন। রোববার ৭০’রে পা দিয়েছেন এই জীবন্ত কিংবদন্তী। কিন্তু অসুস্থতার জন্য জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। হকিং এর ৭০তম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয় রোববার এক সিম্পোজিয়ামের আয়োজন করে। ‘মহাবিশ্বের অবস্থা’ নামের এই সিম্পোজিয়ামে আলোচনা করার কথা ছিলো হকিংয়েরএ কিন্তু মাত্রই গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি, তাই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি বলে উপস্থিত অভ্যগতদের জানান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক স্যার লেসজেক বরিসিভিচ। তবে অনুষ্ঠানে হকিংয়ের রেকর্ডকৃত একটি ভাষণ শোনানো হয়। ভাষণের শিরোনাম ছিলো, ‘অ্যা ব্রিফ হিস্টোরি অব মাইন (আমার সংক্ষিপ্ত ইতিহাস), মহাবিশ্বের অন্য কোনো জায়গায় উপনিবেশ গড়ার আগেই আগামী এক হাজার বছরও হয়তো মানবজাতি টিকতে পারবে না এ বিষয়ে সতর্কবাণী’। ভাষণে হকিং নিজকে নিয়ে তার উদ্যম এবং প্রবল উৎসাহের বর্ণনা দেন এবং অন্যদের প্রতিও এরকম অনুপ্রেরণা নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি সবাইকে ‘কৌতুহলী’ হওয়ারও পরামর্শ দেন। “আকাশের তারাদের দিকে তাকানোর কথা ভাবুন, আপনার পায়ের দিকে নয়। আপনি যা দেখলেন তা বোঝার চেষ্টা করুন, মহাবিশ্ব কিভাবে টিকে আছে তা নিয়ে বিস্ময় বোধ করুন এবং কৌতুহলী হোন,” বলেন তিনি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পিএইচডি’র ছাত্র থাকাকালীনই বিশ্বসৃষ্টিতত্ত্ব ও মহাবিশ্বের অবস্থা নিয়ে কৌতুহলী হয়ে ওঠেন হকিং। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও হকিং যথেষ্ট সুস্থ না বলে চিকিৎসকরা জানানোর পর তিনি সিদ্ধান্ত পাল্টান। ১৯৬৩ সালে ২১ বছর বয়সে দুরারোগ্য মটর নিউরন রোগে আক্রান্ত হন হকিং। তখন বলা হয়েছিলো আর মাত্র দুবছরের মতো বাঁচবেন তিনি। তারপর ৪৮ বছর পার হয়ে গেছে আর স্টিফেন হকিং আলবার্ট আইনস্টাইনের পর বিশ্বের সবচেয়ে প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে খ্যাতিমান হয়েছেন। যে ধরনের মটর নিউরন রোগে হকিং আক্রান্ত তাতে দেহের পেশী নিয়ন্ত্রণকারী øায়ুগুলো আক্রান্ত হয়। তাতে পেশীগুলো এক সময় পুরোপুরি চলৎশক্তিহীন হয়ে পড়ে। হকিং হুইলচেয়ার নিয়ে চলাফেরা করেন এবং কথা বলার জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত ভয়েজ সিন্থাসাইজার ব্যবহার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৭ঘ.