২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ফিরছেন পারভেজ মুশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ চলতি মাসের ২৫ অথবা ২৭ তারিখে স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে আসার পরিকল্পনা করছেন। পাকিস্তানে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোয় নির্দোষ প্রমাণিত হবেন বলেই মনে করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ চলতি মাসের ২৫ অথবা ২৭ তারিখে স্বেচ্ছা নির্বাসন থেকে ফিরে আসার পরিকল্পনা করছেন। পাকিস্তানে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোয় নির্দোষ প্রমাণিত হবেন বলেই মনে করছেন তিনি। বৃহস্পতিবার দুবাইয়ে এক অনুষ্ঠানে পাকিস্তানে ফিরে আসার পরিকল্পনার কথা জানান মুশাররফ। এসময় তিনি বলেন, “আদালতের মুখোমুখি হওয়ার জন্য আমি প্রস্তুত।” বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬শ’ সমর্থক দেশে ফেরার সময় তার সঙ্গে যোগ দেবেন বলে তিনি জানান। ২০০৯ সালের এপ্রিলে দেশ ছেড়ে বিদেশ পাড়ি জমান এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। গণঅভ্যুত্থানে ক্ষমতা ছাড়ার পর গত দু’বছরে পাকিস্তানজুড়ে তার বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের হয়। জাতীয়তাবাদী বেলুচ নেতা আকবর বুগতি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেলুচিস্তানের এক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ২০০৬ সালে বেলুচিস্তানে এক সামরিক অভিযানের সময় আকবর বুগতি নিহত হন। এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তদন্তে প্রেসিডেন্ট পদে থাকার সময় যথাযথ সহযোগিতা না করার অভিযোগে রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী একটি আদালতও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই আদালত মুশাররফের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য সরকারকে নির্দেশ দেয়। এর মধ্যে ইসলামাবাদ উপকণ্ঠের একটি কৃষিখামারও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩৯ ঘ.