২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুখী দাম্পত্যজীবনে চরিত্রগত মিলের ভূমিকা নেই’

চরিত্রগত মিল থাকলেই সুখী ও দীর্ঘ দাম্পত্য জীবন হবে এমন কোনো নিশ্চয়তা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরিত্রগত মিল থাকলেই সুখী ও দীর্ঘ দাম্পত্য জীবন হবে এমন কোনো নিশ্চয়তা নেই। সুখী দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর চরিত্রগত মিল বা অমিলের খুব বেশি ভূমিকা নেই। স¤প্রতি এক গবেষণা এমন তথ্যই দিয়েছে বলে মঙ্গলবার দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে। গবেষকরা বলছেন, ইদানিং বিভিন্ন ম্যাচমেকিং ওয়েবসাইটে জুটি গঠনের জন্য ব্যক্তিত্বের মিল খোঁজার যে সুযোগ দেওয়া হয় তা সম্পর্কের আসল সাফল্য অর্থাৎ সুখী সম্পর্ক নিশ্চিত করতে খুব সামান্যই ভূমিকা রাখে। গবেষক ফ্রেডরিক কুলিজ বলেন, এ বিষয়ে আমার ধারণা হচ্ছে, সম্পর্কের প্রয়োজনটি আমাদের জীবনে এতোটাই তীব্র যে এর জন্য যেকোনো অমিল অতিক্রম করা যায়। ওয়াশিংটন ডিসিতে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় এ গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। এ গবেষণায় ৪০ বছর বা তার চেয়ে বেশি সময় ধরে দাম্পত্য জীবন কাটিয়েছেন এমন ৩২টি জুটিকে অন্তর্ভুক্ত করা হয়। এতে অংশগ্রহণকারীদের নিজেদের ব্যক্তিত্ব মূল্যায়ন করার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে তারা কী ভাবেন তাও জানতে চাওয়া হয়। এছাড়া দাম্পত্য জীবনে তারা কতোটা সুখী তাও যাচাই করতে বলা হয়। অংশগ্রহণকারীরা ভিন্ন কক্ষে নিজেদের মূল্যায়নের কাজটি করেন। সঙ্গী বা সঙ্গিনীর উত্তরগুলো দেখতে দেওয়া হয়নি তাদের। কুলিজ বলেন, আমরা কোনো বিচ্ছেদ উস্কে দিতে চাইনি। গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারী নারী-পুরুষরা সবাই বেশ সুখী। তবে নারীরা গড় হিসাবে একটু বেশি সুখী মনোভাব প্রকাশ করেছেন। তবে এক্ষেত্রে বিবাহিত সম্পর্কের দৈর্ঘ্য বা কারো ব্যক্তিত্ব নিয়ে তার সঙ্গী বা সঙ্গিনী কী ভাবেন, সেটি কোনো প্রভাব ফেলে না। আরেক গবেষক লিভেনসন বলেন, সম্ভবত দীর্ঘ সময়ের এ সম্পর্কগুলোতে ভিন্ন ধরনের ব্যক্তিত্ববিশিষ্ট সঙ্গী বা সঙ্গিনী জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে প্রয়োজনীয় রসদ বা সহযোগিতা জোগায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৭ ঘ.