ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে সাথে নিয়ে খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আর্জেন্টিনার রিও নেগ্রো প্রদেশের গভর্নর কার্লোস সোরিয়া।
পুলিশ জানিয়েছে, সোরিয়ার বাড়িতেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
ভাইস-গভর্নর আলবের্তো ওয়ারটিলনেক ঘটনাটিকে ‘অভ্যন্তরীণ দুর্ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন।
এ ঘটনায় সোরিয়ার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
গত ১০ ডিসেম্বর সোরিয়া রিও নেগ্রো প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
জরুরি উদ্ধারকর্মীদের ডেকে পাঠানো হলে, তারা সোরিয়ার শোবার ঘরের বিছানায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৫ ঘ.
bdnews24