প্যারিস, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপীয় একক মুদ্রা ইউরোই আগামী দশকে বিশ্বের এক নম্বর মুদ্রা হয়ে দাঁড়াতে পারে।
ইউরো জোনের দেশগুলোর নেতারা অর্থনৈতিকভাবে আরো একাট্টা হয়ে উঠতে পারলেই এমনটি ঘটা সম্ভব।
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারক ও ফরাসি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ক্রিস্টিয়ান নোয়ের এক প্রবন্ধে একথা বলেছেন।
নোয়ের এর প্রবন্ধটি ‘দ্য দিমাশ’ জার্নালে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। ২০১২ সালের ১লা জানুয়ারি একক মুদ্রা ইউরোরর ১০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রবন্ধটি প্রকাশ করা হচ্ছে।
একক মুদ্রা ইউরোকে বাঁচাতে গত বছর ৯ ডিসেম্বর ব্রাসেলসে জরুরি বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ওই সমাবেশে ইউরোজোনের ঋণ সংকট নিরসনে অর্থনৈতিক ঐক্য বিষয়ে নেতারা একটি নতুন চুক্তিতে উপনীত হন।
এতে সাময়িকভাবে অর্থ বাজার শান্ত হলেও চুক্তির বিস্তারিত খুঁটিনাটি এখনও চূড়ান্ত না হওয়ায় সংকটের আশু সমাধান নিয়ে সংশয় এখনো কাটেনি।
এছাড়া চুক্তি চূড়ান্ত করা নিয়ে আলোচনার জন্যও তিন মাস মতো সময় লাগবে।
তবে নোয়ের বলেন, “ব্রাসেলস বৈঠকের সব সিদ্ধান্ত বাস্তায়িত হলে আমাদের অবস্থান শক্ত হবে। আর এমন হলে আগামী ১০ বছরে ইউরোই হতে পারে বিশ্বের এক নম্বর মুদ্রা।”
তিনি আরো বলেন, গত দশকে দ্বিতীয় অবস্থানে ছিল ইউরো। ডলারের পরেই ছিল এর অবস্থান।
নোয়েরের প্রবন্ধ প্রকাশের দিন দিমাশ একটি জনমত জরিপও প্রকাশ করবে। ফরাসি জনগণের ওপর পরিচালিত এ জরিপের ৫০ শতাংশই একক মুদ্রার ধারণা বাজে আখ্যা দিয়েছে। অপরদিকে, ৩৫ শতাংশই একে সমর্থন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪০ঘ.
bdnews24