ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকির মুখে পাকিস্তান ঐক্যবদ্ধ হচ্ছে। দলীয় কোন্দল, বিরোধ ভুলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সঙ্কট নিয়ে সর্বদলীয় আলোচনায় বসছেন পাকিস্তানের রাজনৈতিক নেতারা।
বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠানের ঘোষণা দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন,
আইনপ্রণেতারা দেশের বাইরে থেকে আসা হুমকির পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবে।
হাক্কানি জঙ্গি দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে আছে পাকিস্তান।
স¤প্রতি আফগানিস্তানের মার্কিন দূতাবাসের কাছে জঙ্গি হামলার জন্য যুক্তরাষ্ট্র এ দলটিকে দায়ী করেছে। এ দলের পেছনে পাকিস্তানের গোয়েন্দাসংস্থা আইএসআই এর সহায়তা আছে বলেও অভিযোগ করেছে তারা।
হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানে হলেও যুক্তরাষ্ট্রের দাবি এর আস্তানা পাকিস্তানেই।
পাকিস্তান দলটির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিয়ে নিজেদের সুরক্ষা ব্যবস্থা করবে বলে ইতোমধ্যেই হুঁশিয়ার করেছে। আর এ থেকেই পাকিস্তানে বিশেষ করে আফগান সীমান্ত অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন সামরিক হামলা হতে পারে বলে জল্পনা বাড়ছে।
পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা করতেই ইসলামাবাদে নেতারা আলোচনার টেবিলে বসছেন।
পাকিস্তানের সেনা গোয়েন্দা বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমাদ সুজা পাশা সর্বদলীয় এ বৈঠকে দুদেশের উত্তেজনাপূর্ণ সম্পর্ক নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ওপর ব্রিফিং দেবেন এবং সেনা প্রধান জেনারেল আশফাক কায়ানিও বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
সন্ত্রাস বিরোধী যুদ্ধে সঙ্গে যোগ দেওয়ার পর থেকে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছ থেকে শ শ কোটি ডলার সাহায্য পেয়ে আসলেও হাক্কানি জঙ্গি দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ওয়াশিংটনের চাপের কাছে নতিস্বীকার করতে রাজি হয়নি।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র গত মে মাসে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করার কায়দায় হাক্কানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের মাটিতে আগ্রাসন চালালে নতুন করে বিব্রতকর অবস্থায় পড়বে পাক-সেনাবাহিনী।
যুক্তরাষ্ট্রের যেকোনো একক সামরিক পদক্ষেপেই পাকিস্তানে জনরোষ আরো বাড়বে।
পাকিস্তানের মাটিতে জঙ্গিদের ওপর ড্রোন হামলা ছাড়াও অন্যান্য সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য কংগ্রেসে সমর্থন ক্রমেই জোরালো হচ্ছে।
মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, পাকিস্তানে ড্রোন হামলার বাইরে সামরিক অভিযান সমর্থন করবে আইনপ্রণেতারা। পাকিস্তানের মাটিতে এ অভিযান বেশ কয়েক বছর ধরে চলতে পারে।
হামলার হুমকি বাড়তে থাকায় যে কোনো পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবেলার ডাক দিচ্ছে পাকিস্তানের বিভিন্ন দল ও সংগঠনগুলো।
পাকিস্তানের সবচেয়ে মধ্যপন্থী দল হিসাবে পরিচিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা চালালে তাদের বিরুদ্ধে জিহাদে নামা সব মুসলিমের অবশ্যকর্তব্য।
এতে আরো বলা হয়, "যে কোনোরকম বিদেশি আগ্রাসন থেকে দেশকে মুক্ত করতে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর একযোগে প্রস্তুতি শুরু করা দরকার।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৪ঘ.
bdnews24