ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্দোনেশিয়ার পশ্চিমের পার্বত্যাঞ্চলে ১৮ আরোহীসহ একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে এ খবর জানানো হয়।
বৃহস্পতিবার সকালে দুর্ঘটনার শিকার ওই বিমানটির আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা এখনো জানা সম্ভব হয় নি। তবে ধারণা করা হচ্ছে, সবাই মারা গেছে।
যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বিমানটির শেষ অবস্থান উত্তর সুমাত্রার বাহোরক গ্রামের উদ্দেশ্যে উদ্ধারকারী দল যাত্রা শুরু করেছে বলে বিবিসি জানায়।
পরিবহন মন্ত্রণালয়ের বিমান চলাচল বিভাগের প্রধান হেরি বাকতি বলেন, চাসা সি-১২ বিমানটি উত্তর সুমাত্রা থেকে আচেহ প্রদেশের উদ্দেশে যাচ্ছিল।
জরুরি বার্তা দেওয়ার পরপরই বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭ টা ২৮ মিনিট (০০:১৮ জিএমটি) থেকে ৮ টা ০৫ মিনিটের মধ্যে বিমানটি বাহোরকের পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়।
চলতি বছরের মে মাসে দেশটির পূর্বাঞ্চলীয় পশ্চিম পাপুয়াতে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন মারা যায়।
দেশটির বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৮ ঘ.
bdnews24