ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে গাড়ি চালানোর অপরাধে এক নারীকে দশ দোররা দণ্ড দিয়েছে আদালত।
কট্টর মুসলিম সমাজে নারীদের গাড়ি চালানোর ওপর বাধা-নিষেধ অমান্য করায় প্রথম এ আইনি পদক্ষেপ নিলো দেশটি। দ্য 'টাইমস অব ইন্ডিয়া' এ খবর দিয়েছে।
এর আগে নারীরা গাড়ি চালালে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করার পর মুচলেকা নিয়ে ছেড়ে দিতো।
কিন্তু গত জুন মাস থেকে বাধা-নিষেধ তুলে নেওয়ার দাবিতে অনেক নারী নিয়মিত গাড়ি চালানো শুরু করেছে।
বাদশাহ আব্দুল্লাহ নারীদের ভোটাধিকারের প্রতিশ্র"তি দেওয়ার মাত্র দুদিনের মাথায় দোররার এ রায় দিলো সৌদি আদালত।
২০১৫ সালে পৌরসভা নির্বাচনে নারীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে ফরমান জারি করেছেন বাদশা আব্দুল্লাহ। একইসঙ্গে সম্পূর্ণ পুরুষ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিলে নারীদের নিয়োগ দেওয়ার প্রতিশ্র"তিও দিয়েছেন তিনি।
এ পরিস্থিতিতে গাড়ি চালানোর সাজা হিসাবে নারীকে দোররা মারার পদক্ষেপ আবদুল্লাহর জন্য চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে।
দেশের কট্টর ধর্মীয় নেতা ও জনগণের রক্ষণশীল অংশকে না খেপিয়ে ধীরে ধীরে সংস্কারের নীতিতে এগোচ্ছেন বাদশাহ। পরিবর্তনের পক্ষে দেশের সরকারি ধর্মীয় কাউন্সিলের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে মানবাধিকার কর্মীরা বলছে, মঙ্গলবার আদালতের দেওয়া রায় দেশের বিভিন্ন কট্টর ধর্র্মীয় সংগঠন নিয়ন্ত্রিত আদালত ও ধার্মিক আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিরোধিতারই বহিঃপ্রকাশ।
বিশ্বে সৌদি আরবেই নারীদের গাড়ি চালানোর ওপর নিধেষাজ্ঞা রয়েছে। এমনকি বিদেশি নারীরাও সেখানে গাড়ি চালাতে পারেন না। তবে এ ব্যাপারে লিখিত কোনো আইন নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮৪১ঘ.
bdnews24