২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার নতুন শাসকদের আফ্রিকান ইউনিয়নের স্বীকৃতি

লিবিয়ার ক্ষমতাসীন অন্তর্বর্তী পরিষদকে স্বীকৃতি দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এক বিবৃতিতে এইউ জানিয়েছে, লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদকে (এনটিসি) নতুন সরকার গঠনে সব ধরনের সমর্থন দিতে তারা প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 09:00 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

জোহান্সবার্গ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার ক্ষমতাসীন অন্তর্বর্তী পরিষদকে স্বীকৃতি দিয়েছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)। এক বিবৃতিতে এইউ জানিয়েছে, লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদকে (এনটিসি) নতুন সরকার গঠনে সব ধরনের সমর্থন দিতে তারা প্রস্তুত। এনটিসিকে আফ্রিকান ইউনিয়নের এ স্বীকৃতিতে মুয়াম্মার গাদ্দাফি আরেক কূটনৈতিক সমর্থন হারালেন। গাদ্দাফির বিরুদ্ধে লড়াইয়ের সময় গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে সমালোচিত হয় এইউ। এইউ'র সবচেয়ে প্রভাবশালী সদস্য দক্ষিণ আফ্রিকাও মঙ্গলবার এনটিসি কে স্বীকৃতি দিয়েছে। এ স্বীকৃতির মাধ্যমে গাদ্দাফির সঙ্গে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ সম্পর্কের ইতি ঘটলো বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ওদিকে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়েছে লিবিয়ার ক্ষমতাসীন অন্তর্বর্তী পরিষদ। নিউইয়র্কে জাতিসংঘ ভবনের বাইরের অন্যান্য সদস্য দেশগুলোর পতাকার সঙ্গে গাদ্দাফিহীন লিবিয়ার নতুন পতাকা উড়ছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুন লিবিয়ার নতুন নেতাদের আন্তর্জাতিক মহলে স্বাগত জানিয়ে বলেছেন, নিরাপত্তা পরিষদ লিবিয়ার জনগণকে হামলা থেকে রক্ষা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতাচ্যুত গাদ্দাফির অবশিষ্ট অনুগতদের যুদ্ধ বন্ধ করে অস্ত্র ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ত্রিপোলিতে তার কর্মস্থলে ফিরে যাবে বলে এসময় ঘোষণা করেন ওবামা। তিনি বলেন, "যতদিন লিবিয়ার জনগণের ওপর হুমকি থাকবে, ততদিন তাদের রক্ষার জন্য ন্যাটোর নেতৃত্বে অভিযান চলবে।" জাতিসংঘের সদর দপ্তরে উপস্থিত অন্যান্য বিশ্ব নেতারাও লিবিয়ার নতুন নেতাদের অভিনন্দন জানান। লিবিয়ায় গাদ্দাফি অনুগতদের দখলে থাকা কয়েকটি শহর নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করছে লিবিয়ার নতুন শাসকরা। একই সময় তারা নতুন একটি সংবিধান প্রণয়ন ও একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত হচ্ছেন। পলাতক নেতা গাদ্দাফি মঙ্গলবার সিরিয়ার এক টেলিভিশনে প্রচারিত ভাষণে বলেছেন, "ন্যাটো বিমানের বোমা বেশিদিন থাকবে না।" গাদ্দাফির জন্মশহর সির্তে গাদ্দাফি অনুগতদের সঙ্গে লড়াইয়ে এনটিসি বাহিনী গোলাবারুদের অভাবে বিপর্যয়ের মধ্যে পড়ে। মঙ্গলবার গাদ্দাফি অনুগতদের ব্যাপক গোলাবর্ষণে সির্তে অভিযানেরত এনটিসি বাহিনীর পাঁচ যোদ্ধা নিহত হয়। সির্ত এখনও গাদ্দাফি অনুগত বাহিনীর দখলে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৪৫০ঘ.