সানা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ সহিংসতায় অন্তত ৬ জন নিহত হয়েছে। এদিনও রাস্তায় বিক্ষোভরতদের ওপর স্নাইপাররা গুলি চালিয়েছে বলে জানিয়েছে সাংবাদিকরা।
সরকারপক্ষ ত্যাগকারী একটি ব্রিগেডের ৪ যোদ্ধা সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছে। এছাড়াও, বিক্ষোভকারীদের একটি শিবিরে রকেটের ৩ টি গোলার আঘাতে মঙ্গলবার সকালে নিহত হয়েছে আরো দুইজন।
ইয়েমেনের প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ'র ৩৩ বছরের শাসনাবসানের দাবিতে চলমান বিক্ষোভ দমনাভিযান থেকে সহিংসতা শুরু হয়েছে সরকারি সেনা এবং বিরোধীপক্ষের যোদ্ধাদের মধ্যে।
স্নাইপাররা কারা তা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না।
সোমবার বিক্ষোভরতদের ওপর নিরাপত্তা বাহিনী ও সালেহপন্থি স্নাইপাররা হামলা করলে কমপক্ষে ২০ জন নিহত হয়। আহত হয় আরো ১১৩ জন।
রাজধানী সানায় হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতদের অনেকেই সানার বিভিন্ন ভবনের ছাদ থেকে স্নাইপারদের গুলিবর্ষণে নিহত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। বাকীরা নিরাপত্তা বাহিনীর ছোড়া গোলায় নিহত হয়।
এর আগের দিন রোববার সালেহ বিরোধী বিক্ষোভে মিছিলে গুলিবর্ষণে ২৬ জন নিহত হয়েছে।
সালেহ সমর্থক ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের সময় গোলাগুলির শব্দে প্রকম্পিত হয় রাজধানী সানা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ছোঁড়ে।
কিন্তু রয়টার্সের এক প্রতিবেদক দেখতে পান, মিছিলরত বিক্ষোভকারীদের লক্ষ্য করে বিভিন্ন ভবনের ছাদ ও উঁচু তলা থেকে পরিকল্পিতভাবে গুলিবর্ষণ করা হচ্ছে।
ব্যাপক বিক্ষোভের মুখেও প্রেসিডেন্ট সালেহ ক্ষমতা আঁকড়ে থাকায় রাজনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে ইয়েমেন। গত আট মাস ধরে প্রেসিডেন্টর পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে ইয়েমেনে।
এক হত্যাপ্রচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও মারাত্মকভাবে আহত প্রেসিডেন্ট সালেহ প্রতিবেশী দেশ সৌদি আরবে চিকিৎসা শেষে দেশে ফেরার পরিকল্পনা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭৪৮ ঘ.
bdnews24