২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধনীদের কর বাড়ানোর পরিকল্পনা ওবামার

বাজেট ঘাটতি মোকাবেলায় ধনীদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যাদের আয় বছরে দশ লাখ ডলারের বেশি তাদের এই করের আওতায় আনার সুপারিশ করছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাজেট ঘাটতি মোকাবেলায় ধনীদের ওপর কর বাড়ানোর পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যাদের আয় বছরে দশ লাখ ডলারের বেশি তাদের এই করের আওতায় আনার সুপারিশ করছেন তিনি। সোমবার এই প্রস্তাব উপস্থাপন করা হবে বলে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের করদাতাদের মধ্যে মাত্র শূন্য দশমিক তিন শতাংশ এ করের আওতায় আসবেন। হোয়াইট হাউজের জনসংযোগ কর্মকর্তা ড্যান ফেইফার শনিবার এক টুইটে বলেন, এ কর এক ধরনে এএমটি (অলটারনেটিভ মিনিমাম ট্যাক্স- বিকল্প সবনিম্ন কর) কর হিসেবে কাজ করবে। ধনীরা যাতে মধ্যম আয়ের করদাতাদের সঙ্গে সঙ্গতি রেখে কর দেন তা নিশ্চিত করতেই এ প্রস্তাব এসেছে। হোয়াইট হাইজের রোজ গার্ডেনে সোমবার সকাল সাড়ে ১০টায় ওবামা তার সুপারিশ তুলে ধরবেন। ওই বক্তব্যে ওবামা কর রাজস্ব বৃদ্ধি এবং সরকারি ব্যয় কমানোর আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওবামার ওই প্রস্তাবে ধনীদের ওপর কি হারে কর নির্ধারণ করা হবে এবং এর মাধ্যমে কি পরিমাণ রাজস্ব আসবে তা স্পষ্ট নয়। চলতি বছরের শুরুর দিকে ওয়ারেন বাফে এক নিবন্ধে বলেন, কর আইনের ফাঁকফোকরের কারণে তার মতো ধনীরা মধ্যবিত্ত শ্রেণী তুলনায় কম আয়কর দেয়। এ ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তে ধনীদের আরো বেশি কর দেওয়া উচিত এবং এতে কারো সমস্যা হওয়ার কথা নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এএইচ/১৫৫২ ঘ.