২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেগরাহির মুক্তির পেছনে ব্লেয়ার-গাদ্দাফি 'গোপন বৈঠক'

লকারবি বোমা হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত আবদেলবাসেত আল মেগরাহি যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পাওয়ার ঠিক আগে দুই দফা ত্রিপোলি গিয়ে মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে গোপন বৈঠক করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 06:17 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লকারবি বোমা হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত আবদেলবাসেত আল মেগরাহি যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পাওয়ার ঠিক আগে দুই দফা ত্রিপোলি গিয়ে মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে গোপন বৈঠক করেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ত্রিপোলিতে খুঁজে পাওয়া কিছু চিঠি ও ইমেইলের বরাত দিয়ে ব্রিটিশ পত্রিকা সানডে টেলিগ্রাফ প্রকাশ করেছে এ তথ্য। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, মেগরাহিকে মুক্তি না দিলে যুক্তরাজ্যের সঙ্গে ব্যবসা বন্ধের লিবীয় হুমকির মুখে ২০০৮ সালের জুন এবং ২০০৯ সালের এপ্রিলে লিবিয়া সফর করেন ব্লেয়ার। তাকে নিতে ব্যক্তিগত বিমান পাঠান গাদ্দাফি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সফরের খরচও তিনিই বহন করেন। ত্রিপোলির যুক্তরাজ্য দূতাবাস, লন্ডনে লিবীয় দূতাবাস এবং ডাউনিং স্ট্রিটে ব্লেয়ারের কার্যালয়ের মধ্যে চালাচালি হওয়া চিঠি ও ইমেইল থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের এক ধনকুবেরও উপস্থিত ছিলেন ওই বৈঠকে। এসব ইমেইলে অনেক ক্ষেত্রেই গাদ্দাফিকে উল্লেখ করা হয়েছে 'দ্য লিডার' হিসেবে। লিবিয়ায় সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত অলিভার মাইলস বলেন, "ব্লেয়ার যে ব্যক্তিগত স্বার্থে ডাউনিং স্ট্রিটের ক্ষমতা ব্যবহার করেছিলেন-তা বেশ স্পষ্ট।" অবশ্য ব্লেয়ার দাবি করে আসছেন, মেগরাহির মুক্তির ব্যাপারে তার কোনো হাত ছিল না। ১৯৮৮ সালে প্যান অ্যাম বিমানের ফ্লাইটে ওই বোমা বিস্ফোরণে ২৭০ জন নিহত হয়। ওই ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হন লিবীয় নাগরিক মেগরাহি। ক্যানসারে আক্রান্ত হওয়ায় ২০০৯ সালে মেগরাহিকে যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। ব্রিটিশ চিকিৎসকরা সে সময় জানিয়েছিলেন, মেগরাহি আর তিন মাস বাঁচতে পারেন। লকারবি বোমা হামলায় নিহত এক ব্রিটিশ নাগরিকের ভাই প্যান ডিক্স টেলিগ্রাফকে বলেন, "মিস্টার ব্লেয়ারের এই গোপন বৈঠকের খবর শুনে আমি স্তম্ভিত। তারা ওই বৈঠকে কি নিয়ে আলোচনা করেছিলেন তা প্রকাশ করার দাবি জানাচ্ছি আমি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১২০৩ ঘ.