ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের নেভাদায় জাতীয় বিমান উড্ডয়ন প্রতিযোগিতায় একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্ততপক্ষে ৩ জন নিহত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হয়ে দর্শকদের ওপর পড়ায় অনেকে আহত হয়েছেন।
তবে তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৫৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার নেভাদা অঙ্গরাজ্যের রেনোতে এ ঘটনা ঘটে বলে চিকিৎসকদের বরাত দিয়ে বিবিসি জানায়।
তবে অসমর্থিত এক খবরে জানা গেছে নিহতের সংখ্যা ১২ জনে গিয়ে দাঁড়াতে পারে।
প্রতিবছর সেপ্টেম্বর মানে অনুষ্ঠিত এই প্রদর্শনী দেখতে হাজারো মানুষ জড়ো হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিমান দ্য ভিন্টেজ পি-৫১ মাসটাং নামের ওই বিমানটি উড্ডয়নের পর বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্ত হলে প্রচুর ধোঁয়া নির্গত হয় এবং ওই আকাশযানটির বিভিন্ন টুকরো এয়ারফিল্ডের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
এ ঘটনা তদন্তে দায়িত্ব নিয়েছে জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
বিমান উড্ডয়ন প্রতিযোগিতার প্রধান মাইক হগটন জানান, "মাসটাং বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় ভূপৃষ্টের খুব কাছাকাছি ছিল না। যে কোনো কারণেই হোক, বিমানটি সম্ভবত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে থাকবে।"
আঞ্চলিক জরুরি চিকিৎসা সেবা বিভাগের মুখপাত্র স্টিপেনি কুস বলেন, "এটি অনেক বড় একটি দুর্ঘটনা। সম্ভবত এখানকার অধিবাসীরা গত কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো এতো বড় ধরনের দুর্ঘটনা প্রত্যক্ষ করেছে।"
মাসটাং বিমানটির চালক ছিলেন সুপরিচিত পাইলট ৭৪ বছর বয়সী জিমি লিওয়ার্ড। ১৯৭০ এর দশক থেকে তিনি বিমান উড্ডয়ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
তবে লিওয়ার্ডের ভাগ্যে কি ঘটেছে এখনো নিশ্চিত করে জানা সম্ভব হয় নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৯ ঘ.
bdnews24