ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ মাদক উৎপাদনকারী বা মাদক পাচারের রুট হিসেবে ব্যবহৃত দেশের কালো তালিকায় বেলিজ ও এল সালভাদরকে যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এ নিয়ে এ তালিকায় ২২টি দেশের নাম অন্তর্ভুক্ত হলো বলে বিবিসি জানায়।
কর্মকর্তারা জানান, দক্ষিণ আমেরিকা থেকে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের জন্য মাদক পাচারকারীরা মধ্য আমেরিকার এ দেশ দু'টিকে রুট হিসেবে ব্যবহার করে থাকে।
সাংবাদিকরা জানান, বেলিজ ও এল সালভাদরকে এ তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি মেক্সিকোতে মাদক পাচারকারীর সংখ্যা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
বিশেষ করে মেক্সিকোর মাদক পাচারকারীরা এল সালভাদরের অপরাধীদের সাথে একত্রিত হয়ে 'মারাস' নামে একটি সংগঠন গড়ে তুলছে বলে মনে করা হয়।
চলতি বছরের মার্চে এল সালভাদর সফরকালে ওবামা মধ্য আমেরিকায় অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ২০ কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেন।
এছাড়া মধ্য আমেরিকার ছোট ছোট দেশগুলো সম্পদের অভাবে মেক্সিকোর মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করতে পারছে না- এমন উদ্বেগের মধ্যে গত জুন মাসে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে আঞ্চলিক সহায়তা প্রদানেরও অঙ্গীকার করা হয়।
মেক্সিকো ছাড়া এ কালো তালিকায় থাকা মধ্য আমেরিকার অপর দেশগুলো হলো কোস্টারিকা, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া ও পানামা।
যুক্তরাষ্ট্রে যে পরিমাণ কোকেন প্রবেশ করে তার দুই তৃতীয়াংশই মধ্য আমেরিকা দিয়ে ঢোকে বলে মনে করা হয়। আর হত্যাকাণ্ডের ঘটনার দিক থেকে বর্তমানে সারাবিশ্বে এ অঞ্চলের অবস্থান অনেক ওপরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৫৯ ঘ.
bdnews24